হিযবুত তাহ্রীরের সন্দেহভাজন দুই সদস্য রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের সন্দেহভাজন দুই সক্রিয় সদস্যের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন।
এই দুজন হলেন তোতা মিয়া ও মাহবুবুর রহমান।
এর আগে এই মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এই দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
ওই রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হিযবুত তাহ্রীরের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। গত ৫ জানুয়ারি খিলগাঁও থানার পূর্ব গোড়ানের একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই জব্দ করে পুলিশ। তবে সেখানে থাকা তাঁদের অপর সদস্যরা পালিয়ে যান। পলাতক আসামিরা হলেন হেলাল, কাইয়ুম, জাহাঙ্গীর, হাবিবুর রহমান, শহিদুল্লাহ খান, আহসান হাবিব, হাফেজ সর্দার, মাসুদুর রহমান, বেলায়েত ও মোস্তফা।