হিযবুতের প্রচারপত্র বিলির সময় আটক ২
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে প্রচারপত্র বিলি করার সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীরের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর মাদ্রাসা এলাকায় প্রচারপত্র বিলি করার সময় তাঁদের হাতেনাতে আটক করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার রায়পুরা এলাকার কামাল উদ্দিনের ছেলে আবদুর রহমান (৩০) ও ঢাকা জেলার ডেমরা থানার টেংরা এলাকার এরশাদ আলীর ছেলে মীর মাসুদুর রহমান (৪৫)। আবদুর রহমান বর্তমানে ঢাকার ডেমরা থানার বামৈল এলাকায় থাকেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীরের চারজন সদস্য মাদানীনগর মাদ্রাসা এলাকায় প্রচারপত্র লিফলেট বিলি করছিলেন—এমন খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুর রহমান ও মীর মাসুদুর রহমান নামের দুই সদস্যকে আটক করে। এ সময় অন্য দুজন পালিয়ে যান। আটক দুজনের কাছ থেকে হিযবুত তাহরীরের ৪৫টি প্রচারপত্র জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হচ্ছে।