হিযবুতের মিছিল ছত্রভঙ্গ, গুলিতে একজন আহত
রাজধানীর মোহাম্মদপুরে গতকাল শুক্রবার দুপুরে পুলিশ রাবার বুলেট ও ছররা গুলি ছুড়ে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের একটি মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় ছররা গুলিতে মো. নাফিজ (২৮) নামের এক যুবক গুলিবিদ্ধ হন।
পুলিশের দাবি, নাফিজ হিযবুত তাহ্রীরের সদস্য। পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তবে নাফিজের দাবি, তিনি হিযবুত তাহ্রীরের সঙ্গে সম্পৃক্ত নন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডে হিযবুত তাহ্রীরের কয়েকজন সদস্য মিছিল বের করেন। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ গুলি চালায়। এতে হিযবুতের সদস্য নাফিজ আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নাফিজের পিঠে ও বাঁ পায়ে দুটি ছররা গুলি লেগেছে।
হাসপাতালে চিকিৎসাধীন নাফিজ দাবি করেন, তিনি বাবার সঙ্গে গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করেন। হিযবুত তাহ্রীরের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি জুমার নামাজ পড়ে হেঁটে যাওয়ার সময় মারামারির মধ্যে পড়েন ও গুলিবিদ্ধ হন। মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডে নিজেদের বাড়িতে তিনি থাকেন। তাঁর বাবার নাম আবদুস সালাম।