হিলি সীমান্তে ভারতীয় তিন নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গত শুক্রবার রাতে ভারতীয় তিন নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন ভারতের নদীয়া জেলার তেহট্টা থানার চিলাখালী গ্রামের মনোদিপ সরকার (৪০) এবং মুর্শিদাবাদের ভগবানগোলা থানার কান্তনগর গ্রামের হেরেন মণ্ডল (৩৮) ও রানীতলা থানার তুকারপাড়া গ্রামের কার্তিক চন্দ্র দাস বৈরাগ্যের ছেলে পরিমল দাস বৈরাগ্য (২৩)।
আটক ব্যক্তিরা জানান, সপ্তাহ খানেক আগে তাঁরা হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে আসেন। এরপর পাবনায় এক মন্দিরে কীর্তন পরিবেশন করতে যান। সেখান থেকে ফিরে শুক্রবার আবার ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাঁদের আটক করে।
এ ব্যাপারে বিজিবি হিলি সিপি (তল্লাশি) ক্যাম্প কমান্ডার সুবেদার আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই তিনজন সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। রাত নয়টার দিকে হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের বালুরচড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের ফেরত দেওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।