হিলি স্থলবন্দরে ৮ ট্রাক চাল জব্দ
মিথ্যা তথ্য দিয়ে আমদানি করা আট ট্রাক চাল গত মঙ্গলবার দিনাজপুরের হিলি স্থলবন্দরে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঘটনার সত্যতা পাওয়ায় দুই সুপার মো. আলাউদ্দিন ও সুবাশ চন্দ্র কুন্ডুকে তাৎক্ষণিক বদলি করেছে শুল্ক বিভাগ।
নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবি ২০ ব্যাটালিয়নের এক কর্মকর্তা বলেন, কয়েকজন অসাধু ব্যবসায়ী কয়েক মাস ধরে হিলির শুল্ক স্টেশনকে ম্যানেজ করে চালানে কম ওজন দেখিয়ে অতিরিক্ত ওজনের পণ্য আমদানি করছিলেন। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। বিজিবি ২০ ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক মেজর হাসিব কয়েক দিন আগে বিষয়টি জানতে পেরে অনুসন্ধান শুরু করেন। গত মঙ্গলবার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই চালের ট্রাকগুলো জব্দ করে বিজিবি।
ঢাকার মজুমদার এন্টারপ্রাইজ ও বগুড়ার সূচী এন্টারপ্রাইজ নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে আটটি ট্রাকে ১৩০ দশমিক ২৮৮ মেট্রিক টন চাল আমদানি করার ঘোষণাপত্র জমা দেয়। এর মধ্যে ছয়টি ট্রাকের চাল মজুমদার এন্টারপ্রাইজের ও দুটি ট্রাকের চাল সূচী এন্টারপ্রাইজের।