হিলিতে অধ্যক্ষের ওপর হামলা জড়িতদের গ্রেপ্তারের দাবি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গত বৃহস্পতিবার হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা এসব কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন হয়। মানববন্ধন শেষে শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রকিব উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল লতিফ, পাউশগাড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শেষে অধ্যক্ষ আবদুল বারীর ওপর হামলায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে দেন।
বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল বারী অভিযোগ করেন, ১৬ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সাবেক সভাপতি শফিকুল ইসলাম খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর কার্যালয়ে পরিচালনা কমিটির সদস্য আবদুর রশিদ মীর, মজির হোসেন ও তাঁকে (অধ্যক্ষ) মারধর করে। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি না করার জের ধরে সাবেক সভাপতি তাঁদের ওপর হামলা চালিয়েছেন।
পরিচালনা কমিটির সাবেক সভাপতি শফিকুল ইসলাম অধ্যক্ষ আবদুল বারীর ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।