হিলিতে অপহৃত শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, আটক ২
দিনাজপুরের হিলিতে চার বছরের অপহৃত শিশু আত্বাহী আল রশীদের বস্তাবন্দী লাশ এক প্রতিবেশীর বাড়ি থেকে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আমজাদ হোসেন নামের ওই প্রতিবেশী ও তাঁর ছেলে সামিউলকে আটক করেছে।
শিশু আত্বাহী আল রশীদের বাবা হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, গত সোমবার বেলা ১১টার দিকে আত্বাহী আল রশীদ শহরের মুহুরাপাড়া মহল্লার বাড়ির সামনের উঠানে খেলতে যায়। ঘণ্টা খানেক পর আত্বাহী আল রশীদের মা তাকে উঠানে পাননি। পরে আশপাশে খোঁজ করেন। আত্মীয়স্বজনের বাড়ি ও বাড়ির পাশের পুকুরেও খোঁজ করা হয়। তবে দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলেও রশীদের খোঁজ মেলেনি। তার সন্ধানে হাকিমপুর, বিরামপুরসহ আশপাশের এলাকায় মাইকিং করা হয়। রাতে এ ঘটনায় তিনি (মামুনুর রশীদ) হাকিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গভীর রাতে অপরহণকারীরা বাড়ির উঠানের লিচুগাছের নিচে আত্বাহী আল রশীদের পায়ের স্যান্ডেল ও একটি মুঠোফোন নম্বর ফেলে রেখে যায়। তাৎক্ষণিকভাবে যোগাযোগের চেষ্টা করেও তাঁরা ওই মুঠোফোন নম্বরটি বন্ধ পান। পরে অপহরণকারীরা তাঁর মুঠোফোন নম্বরে খুদেবার্তা পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু কোথায় বা কখন টাকা দিতে হবে—এ বিষয়ে কোনো তথ্য দেয়নি অপহরণকারীরা। পরে বিষয়টি তাঁরা পুলিশকে জানান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আত্বাহী আল রশীদের লাশ উদ্ধারের পর গতকাল রাত ১১টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী মামুনুর রশীদের প্রতিবেশী আমজাদের বাড়িতে অগ্নিসংযোগ করে।
ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফয়জুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ আমজাদের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তারা আত্বাহী আল রশীদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে। এ ঘটনায় আমজাদ ও তাঁর ছেলে সামিউলকে আটক করা হয়।