হিলিতে তিন শিশুসহ এক তরুণ আটক
দিনাজপুরের হিলিতে গতকাল রোববার তিন শিশুসহ মফিজুল ইসলাম (২৮) নামের এক তরুণকে শিশু পাচারকারী সন্দেহে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মফিজুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা।
উদ্ধার হওয়া ওই তিন শিশুর বাড়ি হাকিমপুর উপজেলায়। ওই তিন শিশুর মধ্যে দুজন ভাই-বোন রয়েছে। বোন পঞ্চম শ্রেণিতে ও ভাই প্রথম শ্রেণিতে পড়ে। আর অপর শিশু এই দুজনের মামাতো ভাই।
ওই দুই ভাই-বোনের বাবা বলেন, গতকাল সকালে তাঁর দুই ছেলে-মেয়ে তাদের মামাতো ভাইকে সঙ্গে নিয়ে হিলি রেলওয়ে স্টেশনে ট্রেন দেখতে যায়। এ সময় মফিজুল শিশুদের বাবার বন্ধু পরিচয় দিয়ে তাদের সেখান থেকে ভ্যানে করে নিয়ে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকাতে নিয়ে যান। পরে সেখানে শিশুরা কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা এগিয়ে এলে মফিজুল শিশুদের রেখে পাশের মাদ্রাসার টয়লেটে গিয়ে আত্মগোপন করেন। এ সময় স্থানীয়রা মফিজুলকে পুলিশে সোপর্দ করেন।
হাকিমপুর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, পাচারকারী সন্দেহে মফিজুলকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। শিশুদের অভিভাবকেরা মামলা করলে মফিজুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।