হিল্লা বিয়েতে রাজি না হওয়ায় একঘরে
মাতব্বরদের চাপে রাগের মাথায় স্ত্রী জোছনা বেগমকে (৩০) তালাক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন দিনমজুর রুহুল আমিন (৩৫)। ভুল বুঝতে পেরে এক মাসের মাথায় আবারও নোটারি পাবলিকে অ্যাফিডেভিট করে স্ত্রীর সঙ্গে সংসার শুরু করেন। মাতব্বরদের ভয়ে এক বছর ধরে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়ান। পিতৃভিটার টানে ছয় মাস আগে ফেরেন নিজের গ্রামে। এবার মাতব্বরেরা হিল্লা বিয়ের ফতোয়া জারি করান।
হিল্লা বিয়েতে রাজি না হওয়ায় ছয় মাস ধরে ওই দম্পতির সঙ্গে বৃদ্ধ বাবা-মাকেও একঘরে ও সমাজচ্যুত করে রেখেছেন গ্রামের মাতব্বরেরা। এখন দম্পতির সঙ্গে তাঁর বৃদ্ধ বাবা-মায়েরও মেলামেশা বন্ধ। গ্রামের কেউ কাজে নিচ্ছেন না। কোনো বিয়েশাদি বা গ্রামের সামাজিক অনুষ্ঠানে অঘোষিতভাবে ‘নিষিদ্ধ’ পরিবারটি।
ঘটনাটি ঘটেছে বগুড়ার শাজাহানপুর ও নন্দীগ্রাম উপজেলার সীমান্তবর্তী কাবাষট্রি গ্রামে। শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি জানার পর এক মাস আগে মাতব্বরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। কিন্তু গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
কথিত মাতব্বরেরা হলেন আমিরুল ইসলাম, ফারুক হোসেন, সোনা উল্লাহ, আকু, টুলু মেম্বার, বেলাল হোসেন। প্রতিবেশী আবু সাঈদ বলেন, রুহুল আমিন গ্রামে ফেরার পর মাতব্বরেরা পাশের নুনদহ মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আবুল বাশার মো. আজাহার আলীর কাছ থেকে ফতোয়া নিয়ে আসেন। তবে আবুল বাশার মো. আজাহার আলী ফতোয়া দেওয়ার কথা অস্বীকার করেছেন।
এদিকে গতকাল অভিযুক্ত মাতব্বরদের বাড়িতে গেলেও তাঁদের পাওয়া যায়নি। ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির শাজাহানপুর উপজেলার সংগঠক আবদুল বাশির বলেন, জোছনা বেগম ব্র্যাকের মাধ্যমেই মাতব্বরদের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ করেছিলেন। গতকাল চেয়ারম্যানসহ থানায় বসে মাতব্বরদের সঙ্গে আপস করে দেওয়া হয়েছে।
গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার বলেন, ফতোয়ার কোনো ঘটনা নয়; প্রতিবেশীরা রুহুল আমিনের শিরনি না নেওয়ায় তাঁদের সঙ্গে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। ইউএনওর কাছে অভিযোগ দাখিলের পর গতকাল থানায় বসে তা আপস করে দেওয়া হয়েছে। একই কথা বলেন শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত কবির।