হিসাবরক্ষককে পেটালেন ছাত্রলীগ কর্মী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলা পরিষদের হিসাবরক্ষক জয়দেব চন্দ্র বলকে তাঁর কর্মস্থলে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা পরিষদ কার্যালয়ের হিসাব বিভাগে ছাত্রলীগের এক কর্মী জয়দেবের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। জয়দেবকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানতে চাইলে জয়দেব প্রথম আলোকে বলেন, স্থানীয় একটি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া আতিকুর রহমান তাঁর ওপর আক্রমণ চালান। অন্য একজন ঠিকাদারের বিল করানোর জন্য আতিকুর তাঁকে চাপ দিয়ে আসছিলেন। আতিকুর গতকাল জেলা পরিষদে তাঁর (জয়দেব) কক্ষে আসেন। এ সময় তিনি অফিসের কাজে বাইরে ছিলেন। ফিরতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে আতিকুর ওই কক্ষের আসবাবপত্র ভাঙচুর করেন। তাঁকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করেন। পরে অন্য কর্মকর্তারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আতিকুরের বাড়ি শহরের কালিকাপুরের বসাকবাজার এলাকায়। মুঠোফোনে জানতে চাইলে আতিকুর বলেন, হিসাবরক্ষক জয়দেবকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ সত্য নয়। দুজনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন হাওলাদার বলেন, আতিকুর ছাত্রলীগ করলেও কোনো পদ-পদবিতে নেই। 

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় জেলা পরিষদের পক্ষ থেকে মামলা করা হবে।