হিসাবরক্ষকের বিরুদ্ধে উৎকোচ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক (ক্যাশিয়ার) জহিরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মচারীদের কাছ থেকে উৎকোচ আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান।

গত শনিবার উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক সভায় উৎকোচ আদায়ের অভিযোগ করেন স্বাস্থ্যকর্মী মো. আমিনুল ইসলাম। আমিনুল বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন নান্দাইল শাখার সাধারণ সম্পাদক। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা অনুপম ভট্টাচার্যের যোগদান উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়েছিল। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান, পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

সভায় আমিনুল ইসলাম বলেন, উপজেলায় স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী পদে তাঁরা ৭৬ জন কর্মরত রয়েছেন। গত জুন মাসে কর্মরতদের নামে চিত্তবিনোদন ভাতা বাবদ সরকারি অর্থ আসে। কমপ্লেক্সের হিসাব শাখা থেকে কর্মচারীদের বলা হয় অর্থবছর (৩০ জুন) শেষ হয়ে যাওয়ার আগেই ওই ভাতার অর্থ উত্তোলন করার জন্য। তা না হলে অর্থ সরকারি কোষাগারে ফেরত যাবে। তাঁরা ভাতা উত্তোলন করতে গেলে ক্যাশিয়ার জহিরুল ইসলাম ভূঁইয়া তাঁদের কাছে মাথাপিছু ৮০০ থেকে ১০০০ টাকা দাবি করেন। অর্থ ফেরত যাওয়ার আশঙ্কায় ১৫-২০ জন কর্মচারী উৎকোচ দিয়ে ভাতা উত্তোলন করতে বাধ্য হন। অন্যরা উৎকোচ দিতে রাজি না হওয়ায় তাঁদের ভাতা ছাড় করা হয়নি।

এ ছাড়া উপজেলার সুন্দাইল কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ প্রোভাইডার (সিএইচপি) মোছা. দেলোয়ারা অভিযোগ করেন, তাঁর কাছ থেকে অগ্রিম স্বাক্ষর রেখে ক্যাশিয়ার নানা অজুহাতে তাঁকে এক মাসের বেতনের অর্থ দেননি।

এ সময় উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান দুটি অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য কর্মকর্তা অনুপম ভট্টাচার্যকে নির্দেশ দেন।

অনুপম ভট্টাচার্য বলেন, ‘আমি এখানে নতুন যোগ দিয়েছি। আগে কী হয়েছে তা আমার জানা নেই। এখন যেহেতু অভিযোগ উঠেছে, তাই তদন্ত করে দেখা হবে।’

ক্যাশিয়ার জহিরুল ইসলাম ভূঁইয়া দাবি করেন, চিত্তবিনোদন ভাতার অর্থ ছাড় করাতে গেলে বিভিন্ন জায়গায় টাকা খরচ করতে হয়। তাই কর্মচারীদের কাছ থেকে টাকা নিতে হয়েছে। দেলোয়ারার এক মাসের বেতন না দেওয়ার বিষয়ে তিনি বলেন, তিনি (দেলোয়ারা) মামলার আসামি ছিলেন। জামিন পাওয়ার পর তাঁকে বেতনের টাকা নিতে বলা হয়েছে।