শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক আনিসুর রহমানের বিরুদ্ধে বেতন, বিল তোলাসহ নানা খাতে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গত ২৭ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯৮ জন কর্মকর্তা-কর্মচারী স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আনিসুর রহমান বলেন, ‘এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে না।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ২০০৭ সালে এখানে যোগ দেন। ২০১২ সালের এপ্রিল মাসে তাঁর বিরুদ্ধে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) বেতন-ভাতা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগের কারণে তখন তাঁকে শেরপুর সিভিল সার্জনের কার্যালয়ে প্রত্যাহার করে নেওয়া হয়। ২০১৩ সালের জুলাই মাসে তদবির করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে দুজন স্বাস্থ্য সহকারীর মাতৃত্বকালীন ছুটির শেষে কাজে যোগ দেওয়ার পর হিসাবরক্ষক তাঁদের কাছ থেকে ১ হাজার ৫০০ করে টাকা ঘুষ আদায় করেন।
স্বাস্থ্য সহকারী মো. সাদিকুজ্জামান বলেন, ২০১৫ সালে তিনিসহ আরও চারজনের নামে হিসাবরক্ষক আনিসুর রহমান ৬০ হাজার করে ৩ লাখ টাকা ঋণ নিয়ে তা আত্মসাতের চেষ্টা করেন। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ার পরে দ্রুত ঋণ পরিশোধ করার শর্তে এবং অনুরোধে আমরা তাঁর বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নিইনি।’
উপসহকারী মেডিকেল অফিসার আবদুর রউফ অভিযোগ করেন, ‘গত এপ্রিলে তিনিসহ ৮ জন উপসহকারী মেডিকেল অফিসারের শ্রান্তি বিনোদনের বিল করা হয়। জুলাই মাসে ওই বিল তোলার সময় আমাদের প্রত্যেকের কাছ থেকে হিসাবরক্ষক ৭০০ করে টাকা নেন। এসব দুর্নীতির বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল বাশার বলেন, ‘হিসাবরক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে।’
এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক নুর মোহাম্মদ মুঠোফোনে বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে শেরপুর সিভিল সার্জনকে তদন্ত করে দ্রুত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।’