হিসাবরক্ষণ কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন ইউপি সচিব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবেরা গতকাল বুধবার জেলা হিসাবরক্ষণ কার্যালয় ঘেরাও ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধর করেছেন। উৎকোচ না দেওয়ায় সচিবদের ছয় মাসের বেতন-ভাতা আটকে রাখার অভিযোগে তাঁরা ওই কর্মকর্তাকে মারধর করেন।
কয়েকজন ইউপি সচিব ও জেলা হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৭৩টি ইউনিয়নের সচিবদের ছয় মাসের বেতন-ভাতা আটকে রাখেন জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম। রফিকুল বেতন-ভাতা উত্তোলনের জন্য ৯৪ হাজার টাকা ঘুষ না পাওয়ায় টালবাহানা করছিলেন। বাধ্য হয়ে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ইউপি সচিবেরা হিসাবরক্ষণ কার্যালয় ঘেরাও করেন। একপর্যায়ে তাঁরা রফিকুলের চেম্বারে ঢুকে পড়েন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে রফিকুলকে কিলঘুষি মারেন বেগমগঞ্জ ইউপি সচিব আবদুছ ছাত্তার। পরে ওই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ধাওয়া করলে ছাত্তার পালিয়ে যান। এ ঘটনার পর থেকে কর্মকর্তা-কর্মচারীরা বেলা একটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। পরে ভারপ্রাপ্ত উপপরিচালক স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তার হোসেন আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করেন।
তবে আবদুছ ছাত্তার তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা গত ছয় মাস থেকে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছি। ধারদেনায় জর্জরিত হয়ে আছি। ছেলেমেয়ের লেখাপড়ার খরচ দিতে পারছি না। রফিকুল ইসলাম ২০ দিন থেকে বেতন-ভাতার টাকা অন্যায়ভাবে আটকিয়ে রেখেছেন। গতকাল আমরা কয়েকজন ইউপি সচিব তাঁর চেম্বারে গিয়ে বিল ছাড় করার অনুরোধ জানাই। তিনি বরাদ্দের শতকরা ২ ভাগ হিসাবে ৯৪ হাজার টাকা উৎকোচ দাবি করেন। এ টাকা দিতে অপারগতা জানালে তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে আমাদের ওপর চড়াও হন। একপর্যায়ে রফিকুল তাঁর কর্মচারীদের দিয়ে আমাদের ধাওয়া করেন।’
জেলা ইউপি সেক্রেটারি সমিতির সভাপতি হাসান শহীদ সোহরাওয়ার্দী বলেন, ‘উৎকোচ না দেওয়ায় জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রফিকুল আমাদের বেতন-ভাতা আটকে রেখেছে। ন্যায়সংগত দাবি আদায়ের জন্য গেলে উল্টো নাটক সাজিয়ে আমাদের নামে মিথ্যে মামলা দিয়েছে।’
রফিকুল তাঁর ওপর হামলার কথা স্বীকার করে বলেন, ‘আমি বিস্মিত ও হতভম্ব আকস্মিক এ ঘটনায়।’ উৎকোচ চাওয়ার কথা অস্বীকার করেন তিনি। তিনি দাবি করেন, স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২৯ মে উপসচিব মাহাবুবুর রহমান স্বাক্ষরিত চলতি অর্থবছরের বাজেট বরাদ্দ থেকে ইউপি সচিবদের বেতনের চতুর্থ কিস্তির অর্থ ছাড়করণ পত্রটি প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে দেওয়া হয়। এতে কুড়িগ্রামের ইউপি সচিবদের ছয় মাসের বেতন-ভাতা বাবদ ৪৭ লাখ ১২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেয়। এরপর ওই বিভাগ আরও একটি চিঠি ইস্যু করে। সে চিঠি তাঁর কাছে আসেনি। ওই অর্থ ওঠানোর অথরিটিপত্র না পাওয়ায় জটিলতা দেখা দেয়। তাঁরা ভুল বুঝে তাঁর ওপর অন্যায়ভাবে হামলা চালান। ফলে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসককে জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত উপপরিচালক স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তার হোসেন আজাদ বলেন, ‘অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে অভিযুক্ত ছাত্তারকে শোকজ করা হয়েছে। জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, জেলা হিসাবরক্ষণ অফিস থেকে দুজনের নাম উল্লেখ করে একটি অভিযোগপত্র দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।