হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা জালাল উদ্দিনের বিরুদ্ধে শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার প্রাক্‌-প্রাথমিক পর্যায়ের ৫৪ জন শিক্ষকের কাছ থেকে তিনি ঘুষ নেন বলে অভিযোগ উঠেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্‌-প্রাথমিক পর্যায়ের ৫৪ জন শিক্ষকের তিন বছর পূর্ণ হয়েছে। এই তিন বছর পূর্ণ হওয়ায় প্রতিজন শ্রান্তি বিনোদন ভাতা হিসেবে মূল বেতনের সমপরিমাণ টাকা ভাতা হিসেবে পাবেন বলে বিধান রয়েছে। সেই ভাতা তুলতে গত ২২ জুন তাঁরা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে ছাড়পত্র নিয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে জমা দেন। ওই ভাতা ঈদের আগে দেওয়ার কথা থাকলেও হিসাবরক্ষণ কর্মকর্তা জালাল উদ্দিন তা দেননি; বরং তিনি শিক্ষকদের কাছে ঘুষ দাবি করেন। ঘুষ না পেয়ে ঈদের আগে তিনি আর সেই বিল ছাড় করাননি। পরে গত ৩০ জুন (জুন মাসের শেষ বলে) আবার ওই শিক্ষকদের হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে ডেকে পাঠান। পরে উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেনের মধ্যস্থতায় প্রতি শিক্ষকের কাছ থেকে ১ হাজার টাকা করে ঘুষের বিনিময়ে বিল ছাড় করার বিষয়ে ওই কর্মকর্তার সঙ্গে রফা হয়। সেই রফা অনুযায়ী গত ৩০ জুন তাঁকে ১০ হাজার টাকা দেন শিক্ষকেরা।

উজানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন অভিযোগ করেন, ‘ঈদের আগে ঘুষের টাকা দিতে না পারায় কারোর বিলই ছাড় করেননি হিসাবরক্ষণ কর্মকর্তা। জুন মাসের ৩০ তারিখের পরে বিল ফেরত যাবে বলে গত ৩০ জুন হিসাবরক্ষণ কর্মকর্তা আমাদের ডেকে আবার ঘুষ দাবি করেন।’

জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, প্রাক্‌-প্রাথমিকের শিক্ষকেরা অনেকেই দরিদ্র হওয়ায় তিনি হিসাবরক্ষণ কর্মকর্তাকে তাঁদের বিনোদন বিল থেকে কোনো টাকা না নিয়ে ছাড় দিতে অনুরোধ করেন। কিন্তু তিনি অনুরোধ রাখেননি। শেষ পর্যন্ত ১০ হাজার টাকা দিয়ে শিক্ষকদের বিলটা ছাড়ানো হয়েছে। বাকি টাকা শিক্ষকদের কাছ থেকে তুলে হিসাবরক্ষণ কর্মকর্তাকে দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শওকত ওসমান বলেন, আগে থেকেই উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জালাল উদ্দিনের বিরুদ্ধে নানা রকম অভিযোগ শোনা যাচ্ছে। বিনা কারণে বিভিন্ন দপ্তরের বিল আটকে দেওয়ার অভিযোগ শোনা গেছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি এসিল্যান্ডের একটি প্রশিক্ষণের বিলও তিনি আটকে দিয়েছিলেন। হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ চাওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, ‘আমরা দ্বিধায় ছিলাম প্রাক্‌-প্রাথমিকের শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা দেওয়া যাবে কি না। কারণ তাঁদের চাকরি ছিল উন্নয়ন খাতে। এখন তাঁরা কাজ করছেন রাজস্ব খাতে। উপজেলা শিক্ষা কর্মকর্তা লিখিত দেওয়ার পর আমি বিল ছাড় করেছি।’ তবে তিনি দাবি করেন, ‘আমি কোনো টাকা চাইনি। তাঁরা (শিক্ষকেরা) আমাকে কিছু টাকা দিতে চেয়েছিলেন। আমিই তাতে সায় দিইনি।’