হুইপ সোলায়মানকে হত্যাচেষ্টার অভিযোগ, আটক ১
জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দারকে হত্যাচেষ্টার অভিযোগে মিশন ইসলাম (১৭) নামের এক তরুণকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ শুক্রবার রাত আটটার দিকে চুয়াডাঙ্গা শহরের কবরী রোড থেকে দলীয় নেতা-কর্মীরা তাঁকে আটক করে।
মিশন ইসলাম চুয়াডাঙ্গা শহরের জ্বীনতলা মল্লিক পাড়া এলাকার মেহেরুল ইসলামের ছেলে এবং পেশায় মাছের দোকানের কর্মচারী।
হুইপ সোলায়মান হক রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ধারণা করা হচ্ছে, আমাকে খুনের জন্যই পিছু নিয়েছিল চারজন। আটক যুবক পালিয়ে যাওয়া অন্য তিনজনের পরিচয় দিয়েছে। পলাতকদের কাছে বোমা ছিল।’ কেন তাঁকে (হুইপকে) খুন করা হবে?—এমন প্রশ্নে হুইপ বলেন, ‘সেটা আটক ও পলাতক যুবকেরা জানাতে পারবে।’
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়, আজ সন্ধ্যা সাতটার দিকে হুইপ সোলায়মান হক শহরের শহীদ আবুল কাশেম সড়কের একটি ক্লাব থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় অজ্ঞাত পরিচয় চারজন যুবক তাঁকে অনুসরণ করে। যাদের একজনের হাতে থলে দেখে সন্দেহ হয়। তাঁর (হুইপ) সঙ্গে থাকা দলীয় কর্মীরা ওই চারজনের কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে তিনজন দৌড়ে পালায়। ধরা পড়ে মিশন। তার কোমর থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এরপর তাকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিয়ে গিয়ে পিটুনি দেওয়া হয়।
রাত আটটার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গেলে মিশনকে তাঁর কাছে সোপর্দ করা হয়। এরপর পুলিশ তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে থানায় নেয়।
পুলিশে সোপর্দের আগে মিশনকে সাংবাদিকদের সামনে মুখোমুখি করা হয়। সে জানায়, শহরের জ্বীনতলা পাড়ার এক ব্যক্তি ধারালো অস্ত্রটি তার কাছে রেখে দিতে বলে। তাই, সে রেখেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘হুইপ মহোদয়কে হত্যাচেষ্টার অভিযোগে মিশনকে আটক করা হয়। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’