নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ উপনির্বাচনে স্থানীয় সাংসদ তথা বিরোধীদলীয় হুইপের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোখছেদুল মোমিন (নৌকা) গত বৃহস্পতিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, স্থানীয় সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ইলিয়াছ চৌধুরীর (লাঙ্গল) পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। সেই সঙ্গে তিনি ভোটারদের বিভ্রান্ত করছেন এবং সরকারি অনুদান ঘোষণা করছেন।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী মুঠোফোনে বলেন, জাতীয় পার্টির বিজয় নিশ্চিত জেনে মাথা বিগড়ে গেছে সরকারদলীয় প্রার্থীর। তিনি পাল্টা অভিযোগ করেন, ‘কারা কালোটাকা ব্যবহার করছেন, কারা আচরণবিধি ভেঙে প্রচারণায় অংশ নিচ্ছেন, তা আমরা জানি।’