হুইসেল বাজে দোকান সরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া রেলওয়ে স্টেশনের কড়ইতলায় রেললাইনের ওপর নিয়মিত বসে কয়েক শ কাপড়ের অস্থায়ী দোকান। ট্রেন আসার হুইসেল শুনলে দোকানিরা কিছুটা গুটিয়ে নেন পসরা। ট্রেন চলে গেলে আবার যে কে সেই। গতকাল বেলা আড়াইটার দিকে তোলা ছবি l প্রথম আলো
বগুড়া রেলওয়ে স্টেশনের কড়ইতলায় রেললাইনের ওপর নিয়মিত বসে কয়েক শ কাপড়ের অস্থায়ী দোকান। ট্রেন আসার হুইসেল শুনলে দোকানিরা কিছুটা গুটিয়ে নেন পসরা। ট্রেন চলে গেলে আবার যে কে সেই। গতকাল বেলা আড়াইটার দিকে তোলা ছবি l প্রথম আলো

বগুড়া রেলস্টেশনের সামনে কড়ইতলা থেকে চেলোপাড়া রেলসেতু পর্যন্ত প্রায় এক কিলোমিটারজুড়ে রেললাইনের ওপর গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ অবৈধ বাজার। ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য বাজারটি দস্তুরমতো মৃত্যুফাঁদ।
রেললাইনের ওপর গড়ে ওঠা এই বাজারে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে হাজার খানেক দোকানপাট রয়েছে। এর মধ্যে শুধু স্টেশনসংলগ্ন রেললাইনের ওপর গড়ে তোলা হয়েছে কাপড়ের পাঁচ শতাধিক অস্থায়ী দোকান। কড়ইতলা এলাকায় গড়ে ওঠা ওই বাজারটি শহরবাসীর কাছে ‘হঠাৎ মার্কেট’ নামে পরিচিত। কাপড়ের বাজারের পর রেলসেতু পর্যন্ত রয়েছে ডিম, ফল, কাঁচাবাজার ও মাছ-মাংসের দোকান। এখানেও স্থায়ী-অস্থায়ী মিলিয়ে পাঁচ শতাধিক দোকান রয়েছে।
বগুড়া রেলস্টেশনের মাস্টার বেঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্টেশনের পাশে রেললাইনের ওপর গড়ে ওঠা অবৈধ বাজারটি এখন মৃত্যুফাঁদ। যেকোনো সময় সেখানে প্রাণহানি ঘটতে পারে।
অভিযোগ উঠেছে, রেললাইনের ওপর গড়ে ওঠা বাজারটি টিকিয়ে রেখেছে পুলিশ, রেলওয়ে এবং স্থানীয় একটি প্রভাবশালী চক্র। চক্রটি বাজার থেকে প্রতি মাসে কয়েক লাখ টাকা চাঁদা তোলে। এরপর তা ভাগাভাগি হয় রাজনৈতিক দলের নেতা, রেলের অসাধু কর্মকর্তা, রেল পুলিশ এবং সদর থানার পুলিশের মধ্যে। দোকানিরা ভয়ে প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না। অন্যদিকে রেলওয়ে, জিআরপি পুলিশ ও সদর থানার পুলিশ রেললাইনের ওপর বসা বাজার থেকে চাঁদা নেওয়ার কথা অস্বীকার করেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ‘হঠাৎ মার্কেটে’ প্রতিদিন ভোর থেকে পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বেচাকেনা চলে গভীর রাত পর্যন্ত। এসব দোকানে কেনাকাটা করেন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণির লোকজন। ট্রেনের হুইসেল বাজার সঙ্গে সঙ্গে মূল রেললাইন থেকে সরে দাঁড়ান ক্রেতা-বিক্রেতারা। এখানকার দোকানিরা জানান, জীবিকার তাগিদেই তাঁরা ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর ব্যবসা করেন।
ঠিক একই অবস্থা ১ নম্বর রেলগেট থেকে শুরু করে চেলোপাড়া রেলসেতু পর্যন্ত। প্রতিদিন সকাল-সন্ধ্যায় ফতেহ আলী ও রাজাবাজারের মাঝখানে রেললাইনের ওপর বসে মাছ-মাংস, কাঁচাবাজার, ডিম ও ফলের বাজার।
রেলওয়ে বগুড়া কার্যালয়ের ভূসম্পত্তি বিভাগের কানুনগো মোকাররম হোসেন জানান, রেললাইনের দুই পাশে ১৫ ফুট করে জায়গা ফাঁকা থাকার কথা। অথচ সেই স্থানে স্থায়ী দোকান বসানো হয়েছে। আর লাইনের ওপর বসছে অস্থায়ী দোকান।
বাজার থেকে চাঁদার টাকা তোলেন এমন একজন আদায়কারী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, চাঁদার টাকার একটি বড় অংশ যায় ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজন নেতার পকেটে।
বগুড়া রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন বলেন, রেললাইনের ওপর বাজার বসায় ঝুঁকি নিয়ে প্রতিদিন এই পথে ট্রেন চলাচল করছে। রেললাইনের ওপরের বাজার থেকে কোনো চাঁদাবাজির সঙ্গে প্রকৌশল শাখা জড়িত নয় বলে দাবি করেন তিনি। উল্টো বাজার উচ্ছেদ অভিযানের জন্য প্রকৌশল শাখা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দফায় দফায় চিঠি লিখে যাচ্ছে।
রেলওয়ের লালমনিরহাটের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী বলেন, বগুড়া রেলস্টেশনের পাশে রেললাইনের ওপর গড়ে ওঠা ‘হঠাৎ মার্কেট’ এখন রেলওয়ের জন্য ভয়ংকর বিপদ। এই মার্কেট উচ্ছেদের জন্য মাস দেড়েক আগে চার শতাধিক অবৈধ দোকানিকে নোটিশ দেওয়া হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসনের কাছে ম্যাজিস্ট্রেট চাওয়া হয়। কিন্তু প্রশাসন ও জিআরপি পুলিশের অসহযোগিতার কারণে উচ্ছেদ অভিযান চালানো যায়নি।
লালমনিরহাট রেল ডিভিশনের ট্রাফিক সুপারিনটেনডেন্ট মোস্তাফিজুর রহমান জানান, রেললাইনের ওপর গড়ে ওঠা অবৈধ বাজার থেকে রেলওয়ের কেউ চাঁদা নেন কি না, সেটা তাঁর জানা নেই। তবে তিনিও চান রেলপথের ওপর ঝুঁকিপূর্ণ বাজার উচ্ছেদ হোক।
রেলওয়ে পুলিশ বগুড়া স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক বিমল চন্দ্র বলেন, ‘ওই বাজার থেকে জিআরপি পুলিশ চাঁদার ভাগ নেয় না।’