কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব (দপ্তর) রুহুল কবির রিজভী, সালাহউদ্দিন আহমদ ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
এ ঘটনায় ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে আগুনে পুড়িয়ে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুটি মামলায় ৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে গত মঙ্গলবার মামলা দুটি করেন। তবে এজাহারনামীয় ৫৬ জন আসামির মধ্যে খালেদা জিয়া, রিজভী, রফিকুল ইসলাম ও সালাহউদ্দিন আহমদের নাম নেই।
খালেদা জিয়ার বিরুদ্ধে চৌদ্দগ্রামে এটি দ্বিতীয় মামলা। এর আগে গত ২৫ জানুয়ারি চৌদ্দগ্রাম পৌরসভার হালদারপাড়া এলাকায় কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে আরও একটি মামলা হয়েছিল।
দুই মামলার অন্যতম আসামিরা হলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সাংসদ সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সভাপতি সাহাবউদ্দিন, সাধারণ সম্পাদক শাহ মো. মিজানুর রহমান ও কেন্দ্রীয় যুবদলের সদস্য কামরুল হুদা। এর মধ্যে কামরুল হুদা গত উপজেলা পরিষদ নির্বাচনে চৌদ্দগ্রাম থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তী বলেন, এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম এই মুহূর্তে বলা যাবে না। পুলিশ ও যৌথ বাহিনীর সাড়াশি অভিযান চলছে।
তদন্তকাজ শুরু: চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় জেলা প্রশাসকের গঠন করা তদন্ত কমিটির প্রধান ও কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহম্মদ গোলামুর রহমান গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে কমিটির দুই সদস্য কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবময় দেওয়ান উপস্থিত ছিলেন। এডিএম মুহম্মদ গোলামুর রহমান বলেন, আগামী শনিবার সকালে চৌদ্দগ্রামে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে শুনানি হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে তথ্য নেওয়া হচ্ছে। এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন।
গত সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলেই পেট্রলবোমায় পুড়ে মারা যান সাতজন, আহত হন অন্তত ২৮ জন। দগ্ধদের মধ্যে একজন গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।