হুজি নেতা মুফতি হান্নানের ছোট ভাই আটক
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানের ছোট ভাই কামরুজ্জামান ওরফে মতি মুনশিকে (৪৯) আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১১টার দিকে কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ১২ এপ্রিল গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মুফতি হান্নান মুনশির অপর ছোট ভাই আনিচুর রহমান মুনশিসহ শিবিরের চারজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার চারজনসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন সদর থানার উপপরিদর্শক (এসআই) সোবাহান মোল্লা। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে কামরুজ্জামান মুনশিকে আটক করা হয়েছে। কামরুজ্জামান কোটালীপাড়া উপজেলার ঘাঘরকান্দা এলাকায় স্টিলের আসবাব বিক্রির ব্যবসা করেন।
আজ সোমবার বিকেলে যোগাযোগ করা হলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, কামরুজ্জামানকে গোপালগঞ্জ থানায় রাখা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।