হুজি সন্দেহে তিনটি স্থানে বিস্ফোরকসহ গ্রেপ্তার চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এঁরা হলেন মাওলানা মো. রফিক আহমেদ ওরফে সাজিদ (৩৪), মো. উমর ওরফে ফয়জুল ওরফে রবি (২৫), নাদিম আহমেদ ওরফে সুমন (৩০) ও সালাউদ্দিন আহমেদ (২৯)।
গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরা, টিকাটুলী ও নারায়ণগঞ্জ এলাকা থেকে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। ডিবির দাবি, তাঁরা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) নেতা-কর্মী।
গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির তথ্যকেন্দ্রে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, চলতি অক্টোবর মাসেই রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এঁদের হামলার পরিকল্পনা ছিল।
এ ছাড়া সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপরও তাঁদের হামলার পরিকল্পনা ছিল। তবে কাকে, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাংবাদিকদের এ বিষয়ে সুনির্দিষ্ট করে ডিবি কিছু জানায়নি।
মনিরুল ইসলাম বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার অভিযোগে কারাগারে থাকা জঙ্গিনেতা আবু জাফরের নির্দেশ পালন করছিলেন গ্রেপ্তার হওয়া এই চার ব্যক্তি। এঁদের নেতৃত্বে থাকা মাওলানা রফিক নারায়ণগঞ্জের ফয়দুল উলুম মাদ্রাসার শিক্ষক ও আমতলী মসজিদের ইমাম। তাঁর সঙ্গে থাকতেন বোমাবিশেষজ্ঞ উমর। উমর প্রাইম ইউনিভার্সিটির রসায়ন বিভাগের শেষ বর্ষের ছাত্র। নাদিম বিস্ফোরক সংগ্রহকারী। তাঁর বাড়ি রাজধানীর ৩১/সি র্যাং কিন স্ট্রিটে। সালাউদ্দিন বিস্ফোরক সরবরাহকারীর কাজ করতেন। ফতুল্লার ধর্মগঞ্জের মালেক সরদারের বাড়িতে বিস্ফোরক তৈরির গবেষণাগারের সন্ধান পাওয়া গেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম আরও দাবি করেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে উচ্চমাত্রার বিস্ফোরক, বোমা তৈরির বিপুল উপকরণ ও পাকিস্তানে তৈরি একটি মেশিনগান উদ্ধার করা হয়েছে।
মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ২৫টি ডেটোনেটর তৈরি করেছেন। আরও ৩০০টি ডেটোনেটর তৈরির উপকরণ তাঁদের কাছে পাওয়া গেছে। তাঁরা সব জঙ্গিকে নিয়ে ‘বাংলাদেশ জিহাদি গ্রুপ’ নামে একটি ‘কমন প্লাটফর্ম’ তৈরির চেষ্টা করছিলেন। সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।