হুজির আরেক সদস্য গ্রেপ্তার, তিন দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাঁর নাম মুফতি জুবায়ের আবদুল্লাহ ওরফে আবু জিহাদ (৪৩)। এ নিয়ে গত কয়েক দিনে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ এ জঙ্গিগোষ্ঠীর পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করেছে।
গতকাল মঙ্গলবার মুফতি জোবায়েরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। ঢাকার মহানগর হাকিম মুস্তাফিজুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, মুফতি জোবায়ের হরকাতুল জিহাদের সক্রিয় কর্মী। প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে জঙ্গি কার্যক্রম ও নাশকতা ঘটানোর পরিকল্পনার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।
র‌্যাব-৩-এর সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান, গত সোমবার বিকেল সাড়ে পাঁচটায় র‌্যাব-৩-এর একটি দল রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জুবায়েরকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, সাংগঠনিক পুস্তিকা ও জঙ্গি প্রশিক্ষণের প্রচুর ছবি উদ্ধার করা হয়। সোমবার রাতেই তাঁকে খিলগাঁও থানায় হস্তান্তর করে মামলা দেওয়া হয়েছে।
র‌্যাব জানায়, জুবায়েরের গ্রামের বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলায়। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে জঙ্গিদের গোপন কার্যক্রম চালিয়েছেন। তিনি ভিন্ন ভিন্ন নামে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট করেছেন। একটিতে মোহাম্মদ ফয়েজ ও আরেকটিতে আইনুল হাসান লেখা রয়েছে। আবার কোথাও কোথাও নয়ন নামে পরিচয় দিতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোবায়ের র‌্যাবকে বলেছেন, তিনি ১৯৯৪ সালে আবু জিহাদ নাম ধারণ করে যাত্রাবাড়ী এলাকার একটি মাদ্রাসায় অধ্যক্ষের চাকরি নেন। তখন থেকেই তিনি গোপন জঙ্গি সংগঠনে যুক্ত হন। মুফতি জুবায়ের বর্তমানে কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন না।
এর আগে বৃহস্পতি ও শুক্রবার রাতে রাজধানীর উত্তরা, টিকাটুলী ও নারায়ণগঞ্জ থেকে বিস্ফোরক, ডেটোনেটর ও বোমা তৈরির সরঞ্জামসহ হুজি-বির চার সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তাঁরা হলেন মো. রফিক আহমেদ ওরফে সাজিদ (৩৪), মোহাম্মদ উমর ওরফে ফয়জুল ওরফে রবি (২৫), নাদিম আহমেদ ওরফে সুমন (৩০) ও মো. সালাউদ্দিন আহমেদ। গত শনিবার তাঁদের দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ডে পাঠায় আদালত। গ্রেপ্তার হওয়া জঙ্গিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর হামলার পরিকল্পনা করছিল বলে ডিবির কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।
মুফতি জসীমসহ তিনজনের জামিন হয়নি: উগ্রপন্থী আরেক সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানী, সদস্য আবু হানিফ ও আসাদুল্লাহ ওরফে পিয়াসের পৃথক মামলায় জামিনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তাঁদের পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী, জসীমউদ্দিনের পক্ষে আইনজীবী গাজী তৌহিদুল ইসলাম মামলা পরিচালনা করেন।
পরে মো. মাসুদ হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে বরগুনার এক মামলায় জসীমউদ্দিন রাহমানীর এবং একই আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে ঢাকায় করা অপর দুটি মামলায় আবু হানিফ ও আসাদুল্লাহর জামিনের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন আদালত। তবে ঢাকার দুটি মামলায় জসীমউদ্দিনের জামিন প্রশ্নে রুল দিয়েছেন। রুলে কেন তাঁকে জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
গত বছরের ১২ আগস্ট বরগুনা সদরের দক্ষিণ খাজুরতলা গ্রামের একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় জসীমউদ্দিনকে ৩০ জন অনুসারীসহ গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে পুলিশ বরগুনা থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করে। ওই বছরের ২৫ আগস্ট রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবু হানিফ ও আসাদুল্লাহসহ আনসারুল্লাহর নয়জন সদস্যকে আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে এবং সন্ত্রাসবিরোধী আইনে পৃথক মামলা হয়। এ দুটি মামলাও মুফতি জসীমকে গ্রেপ্তার দেখানো হয়।