হুন্ডির টাকা ছিনতাই হলে থানায় কেউ মামলা করেন না। রেয়াজউদ্দিন বাজারের আশপাশে অবস্থান নিলেই হুন্ডির টাকা বহনকারীদের খোঁজ পাওয়া যায়। তাঁদের লক্ষ্য করে সুযোগ বুঝে চলে ছিনতাই। ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এসব তথ্য জানান তাঁরা।
গত রোববার রাতে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার জাম্বুরি মাঠ এলাকা থেকে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। তাঁরা হলেন মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, মো. হেলাল, মো. রবিন, মো. আলী ও মো. বেলাল। এ সময় তাঁদের কাছ থেকে ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামের অনেক প্রবাসী হুন্ডির মাধ্যমে লেনদেন করেন। দুই ঈদে এই লেনদেন অন্য সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। ঈদুল আজহা উপলক্ষেও ইতিমধ্যে প্রবাস থেকে পরিবারের সদস্যদের কাছে টাকা পাঠানো শুরু হয়েছে। এসব টাকার বেশির ভাগই নগরের রেয়াজউদ্দিন বাজার থেকে বিলি হয়ে থাকে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আসামিরা পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। তাঁদের মধ্যে দেলোয়ারের বিরুদ্ধে ছয়টি, মিজান, হেলাল ও আলীর বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। তাঁরা ছোটখাটো কোনো ছিনতাই করেন না। লক্ষ্য থাকে হুন্ডির টাকা ছিনতাই। ঈদকে ঘিরে টাকা ছিনতাইয়ের জন্য তাঁরা প্রস্তুতি নিয়েছেন। তার আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়।
গ্রেপ্তার ছিনতাইকারীরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা নগরের ওয়াসা থেকে আলমাস মোড়, জামাল খান, গণি বেকারি, আমবাগান, রেয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, সিনেমা প্যালেস ও তিন পুলের মাথা এলাকায় ছিনতাই করে থাকেন। এ সময় তাঁরা অটোরিকশা ও মোটরসাইকেল ব্যবহার করেন।