হুমকিতে উপাধ্যক্ষ মাদ্রাসাছাড়া
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মাদ্রাসার উপাধ্যক্ষ প্রতিপক্ষের হুমকিতে এক বছরের বেশি সময় ধরে কর্মস্থলে যেতে পারছেন না।
ওই উপাধ্যক্ষের নাম মো. ওবায়দুল্লাহ। তিনি উপজেলার খর্গপুর ফাজিল মাদ্রাসায় কর্মরত। এ ঘটনার জন্য মাদ্রাসার পরিচালনা পর্ষদের সহসভাপতি এবং মাদ্রাসার এক প্রভাষককে দায়ী করে পর্ষদের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
গত বছরের ১১ মার্চ প্রথমে এবং ২৮ আগস্ট দ্বিতীয়বার লিখিত অভিযোগ করার পর গত সোমবার উপাধ্যক্ষ পুনরায় মৌখিকভাবে পরিচালনা পর্ষদের সভাপতির কাছে এ ব্যাপারে অভিযোগ করেন।
মো. ওবায়দুল্লাহ জানান, গত বছরের ২২ ফেব্রুয়ারি তিনি মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন। তাঁর সঙ্গে নিয়োগ পরীক্ষায় অংশ নেন মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক আবুল হাসান আনছারীসহ আরও কয়েকজন। পরীক্ষায় নির্বাচিত হওয়ার পর গত বছরের ৫ মার্চ মাদ্রাসায় তিনি যোগদান করতে যান। ওবায়দুল্লাহ অভিযোগ করেন, মাদ্রাসায় যোগদান করতে গেলে সেখানে ওই প্রভাষক ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহসভাপতি আবদুল্লাহ আল মামুন এলাকার লোক দিয়ে তাঁকে লাঞ্ছিত করার চেষ্টা করেন। তাঁদের হুমকিতে যোগদান না করেই চলে আসেন তিনি। ওই দিন বিকেলে পরিচালনা পর্ষদের সভাপতি ও চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মো. সাজ্জাদ হোসেনের কাছে তিনি যোগদানপত্র জমা দেন।
তিনি আরও অভিযোগ করেন, আবুল হাসান আনছারী ও আবদুল্লাহ আল মামুন নেপথ্যে থেকে ইউপি সদস্য গিয়াসউদ্দিন, আওয়ামী লীগের স্থানীয় নেতা ফিরোজ আহম্মেদ ও অজ্ঞাত এক ব্যক্তিকে দিয়ে তাঁর মুঠোফোন নম্বরে প্রাণনাশের হুমকি ও তাঁকে মাদ্রাসায় না যেতে হুমকি দিয়ে আসছেন। নিরাপত্তার কথা ভেবে তিনি কর্মস্থলে যাচ্ছেন না। বিষয়টি পুলিশকে জানালে গত বছরের মাঝামাঝি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাদ্রাসায় যান এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। ওবায়দুল্লাহ অভিযোগ করে বলেন, আবদুল্লাহ আল মামুন চার লাখ টাকা ঘুষ চেয়ে না পাওয়ায় তাঁর বিরুদ্ধে লেগেছেন।
অভিযোগের ব্যাপারে আবুল হাসান আনছারী বলেন, ‘উপাধ্যক্ষ পদে এলাকাবাসী আমাকেই চেয়েছিলেন। আমার চাকরি না হওয়ায় লোকেরা ওনাকে মাদ্রাসায় ঢুকতে দিচ্ছেন না।’ আবদুল্লাহ আল মামুন ঘুষ চাওয়ার কথা অস্বীকার করে বলেন, উপাধ্যক্ষ কেন মাদ্রাসায় আসেন না এটা তাঁর ব্যাপার। হুমকি দেওয়ার বিষয়টি তিনি জানেন না। ইউপি সদস্য গিয়াসউদ্দিন বলেন, ‘উপাধ্যক্ষের নিয়োগ এলাকাবাসী মেনে নেননি। এ জন্য তাঁকে মাদ্রাসায় ঢুকতে দেওয়া হচ্ছে না।’
মাদ্রাসার অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, এক বছর ধরে উপাধ্যক্ষ অনুপস্থিত। কেউ উপাধ্যক্ষকে হুমকি দিচ্ছে কি না, তা তিনি জানেন না।
এ ব্যাপারে উপাধ্যক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে পরিচালনা পর্ষদের সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, কতিপয় লোক ওনাকে মাদ্রাসায় যেতে দিচ্ছেন না। বিষয়টি সমাধানের
চেষ্টা চলছে।