
কারখানার ধোঁয়ায় পাশের আবাসিক বাড়ির দেয়ালগুলোতে পড়েছে কালচে ছোপ। লোহা পোড়ানোর গন্ধে এলাকায় টেকা দায়। কারখানায় ব্যবহৃত নানা রাসায়নিক মিশছে পানিনিষ্কাশনের নালায়। রাজধানীর পূর্ব জুরাইনের মেডিকেল রোডের রি-রোলিং কারখানার কারণে এলাকার জনস্বাস্থ্যে হুমকি সৃষ্টি হয়েছে। রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন অনেকে।
পদ্মা রি-রোলিং মিল নামের কারখানাটিতে পুরোনো ভাঙাচোরা লোহা রাসায়নিক দিয়ে গলিয়ে বিভিন্ন কাজে ব্যবহারের তার, তারকাঁটা—এসব বানানো হয়। আবাসিক এলাকার মধ্যে কারখানাটির অবস্থান। এলাকাবাসীর অভিযোগ, কারখানাটির কারণে এলাকার পরিবেশদূষণ চরম আকার ধারণ করলেও কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।
কারখানাটি স্থাপন করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডে। গত শনিবার সেখানে গিয়ে দেখা যায়, কারখানার ধোঁয়া বের হওয়ার পাইপ দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার কুণ্ডলীতে চারপাশে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এই ধোঁয়ার কারণে কারখানার পাশের ভবনের দেয়াল কালো হয়ে গেছে। ধোঁয়া থেকে বাঁচতে সেই ভবনের দোতলা পর্যন্ত উঁচু করে দেয়াল তোলা হয়েছে আর জানালাগুলো ইট দিয়ে স্থায়ীভাবে বন্ধ করা।
স্থানীয় বাসিন্দা মো. তারেক বলেন, ‘মিলের ধোঁয়ার ঝাঁজালো গন্ধে খুশখুশে কাশি হয়। চোখ-নাক জ্বালা করে। রাসায়নিকের তীব্র গন্ধে মাথা ঝিমঝিম করে।’ রাসায়নিক ব্যবহার করে লোহা গলানোর ফলে চারপাশে উৎকট গন্ধ ছড়াচ্ছে। কারখানার সামনে ও পেছনের সীমানাদেয়াল ঘেঁষে চলে যাওয়া পানিনিষ্কাশনের নালায় কারখানার দূষিত পানি মিশছে। নালার দূষিত পানি উপচে সড়ক ভাসিয়ে ফেলছে। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কারখানা থেকে মাঝেমধ্যে একনাগাড়ে ৪০-৪৫ মিনিট ধোঁয়া বের হয়। চারপাশ তখন অন্ধকার হয়ে থাকে।
কারখানার মালিক আরিফুর রহমান দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে মুঠোফোনে কারখানার প্রশাসনিক এক কর্মকর্তা বলেন, ‘কারখানাটি ১৫ বছরের বেশি সময় ধরে এখানে আছে। পরিবেশ ছাড়পত্র, ট্রেড লাইসেন্সসহ সব ধরনের প্রয়োজনীয় কাগজপত্র আছে। কারখানার কারণে অসুবিধার বিষয়ে এলাকার কেউ কিছু জানায়নি।’
৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নুর হোসেন প্রথম আলোকে বলেন, ‘মিলটি অনেক আগে থেকেই এখানে। আবাসিক এলাকায় এমন মিলের অনুমতি দেওয়াই ঠিক হয়নি। মিলের দূষিত পানি, ধোঁয়ায় লোকজনের অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে।’ এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (পরীক্ষাগার) মো. আলমগীর বলেন, প্রতিটি শিল্পপ্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়া হয় দূষণ বিষয়ে বেশ কিছু মানমাত্রা বজায় রাখার শর্তে। যদি কোনো প্রতিষ্ঠানের কারণে আশপাশের মানুষের ক্ষতি হয়, তাহলে সেই মানমাত্রা প্রতিষ্ঠানটি ঠিকমতো মানছে কি না, সেটি নিশ্চিত হতে হবে। এমন হয়ে থাকলে কারখানাটি পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।