হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় বাদীকে আসামি পক্ষ ও তাঁর লোকজন হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অপহরণের অভিযোগে ৮ ফেব্রুয়ারি ওই ছাত্রীর বাবা নেত্রকোনা আদালতে মামলা করেন। এতে উপজেলার চারিগাতিয় গ্রামের ইমরান (২৫) মিয়াসহ তিনজনকে আসামি করা হয়।
মামলার আরজি ও পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে দশম শ্রেণির ওই ছাত্রীকে (১৫) ইমরান প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে ওই ছাত্রীর মা-বাবা ইমরানের পরিবারকে জানান। ইমরানের বাবা বিষয়টি সমাধান না করে উল্টো বিয়ের প্রস্তাব দেন। রাজি না হওয়ায় ২ ফেব্রুয়ারি বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ছাত্রীটিকে অস্ত্রের ভয় দেখিয়ে ইমরান ও তাঁর বন্ধু দিলোয়ার খান অপহরণ করেন। তাঁরা অটোরিকশায় করে ময়মনসিংহ ও সেখান থেকে বাসে করে ছাত্রীটিকে ঢাকায় নিয়ে যান। পরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকিট চেকারের হাতে তাঁরা আটক হন। খবর পেয়ে ওই ছাত্রী ও ইমরানের পরিবার রেলওয়ে পুলিশের কাছ থেকে তাঁদের ছাড়িয়ে নেয়। এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি ছাত্রীর বাবা ইমরান মিয়াকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ করে নেত্রকোনা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে পরদিন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
জেলা ডিবির কার্যালয় থেকে বের হয়ে গতকাল রোববার দুপুরে ছাত্রীটির বাবা বলেন, ‘মামলা তুলে নেওয়ার জন্য ইমরান ও তাঁর লোকজন আমাকে দেখে নিবে বলে অব্যাহত হুমকি দিচ্ছে। এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। ডিবি পুলিশকে এ বিষয়ে জানিয়েছি। আগামীকাল (আজ) থানা লিখিত অভিযোগ দেব।’
ইমরানের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
জেলা ডিবির ওসি আবুল কায়েস আকন্দ বলেন, বিষয়টি জানার জন্য মামলার বাদী ও ভিকটিমকে (ছাত্রী) গতকাল ডাকা হয়েছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।