কুড়িগ্রামে ধর্ষণের শিকার মেয়েটি (১২) গতকাল রোববার তার সন্তানকে নিয়ে হাসপাতাল ছেড়েছে। কিন্তু ধর্ষণ মামলার আসামি ও তাঁর পরিবারের হুমকির ভয়ে বাড়ি ফেরেনি। পুলিশ ধর্ষণের মামলার কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
চিকিৎসকেরা জানিয়েছেন, মেয়েটি এখনো শারীরিকভাবে দুর্বল। তার সন্তানও অপুষ্টিতে ভুগছে। তাদের বিশ্রামে থাকতে বলা হয়েছে।
মেয়ের বাবা বলেন, তাঁর মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী। তিনি ঢাকায় রিকশা চালান। তাঁর স্ত্রী মানসিকভাবে অসুস্থ। এ সুযোগে স্থানীয় জাকিরুল ইসলাম (২০) তাঁদের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করেন। গত মে মাসে বাড়িতে এসে তিনি জানতে পারেন তাঁর মেয়ে অন্তঃসত্ত্বা। কিন্তু অভিযুক্ত ব্যক্তি গ্রামে প্রভাবশালী হওয়ায় কেউ বিচার করেনি। উল্টো তাঁদের গ্রাম ছাড়ার হুমকি দেওয়া হয়। স্থানীয় হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর জামালের সভাপতিত্বে কয়েক দফা বৈঠক হয়। সেখানে মীমাংসা না হওয়ায় গত ২৭ জুলাই জাকিরুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন মেয়েটির বাবা। কিন্তু এখনো তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মেয়ের বাবা বলেন, জাকিরুলের বড় ভাই দুলু, গ্রামের মাতব্বর আবদুর রহমানসহ কয়েকজন তাঁকে হুমকি দিয়ে বলেছেন, অবৈধ সন্তান নিয়ে গ্রামে আসতে দেবেন না। প্রয়োজনে তাঁদের বাড়িঘরে আগুন ধরিয়ে দেবেন। তাই তাঁরা এক আত্মীয়ের বাড়িতে আছেন। জাকিরুল লালমনিরহাটে তাঁর বোনের বাড়িতে আছেন। এ খবর পুলিশকে দেওয়া হলেও তাঁরা কিছুই করছে না।
আসামিকে গ্রেপ্তার করতে এবং মেয়েটির নিরাপত্তার দাবিতে জেলা মহিলা পরিষদ গতকাল কুড়িগ্রাম পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছে। জেলা মহিলা পরিষদের সভাপতি নন্দিতা চক্রবর্তীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিনকে এ স্মারকলিপি দেয়।
নন্দিতা চক্রবর্তী বলেন, এতসব ঘটনা ঘটলেও প্রশাসন নীরব, এটা দুঃখজনক। আসামিকে গ্রেপ্তার করে তাঁর শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীসহ তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।