হুমকিদাতা শনাক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক আনু মুহাম্মদসহ বিশিষ্ট কয়েকজন নাগরিককে মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে হত্যার হুমকিদাতাকে গতকাল রোববারও শনাক্ত করতে পারেনি পুলিশ। হুমকিবার্তায় যে মুঠোফোন নম্বরটি উঠেছে, সেটির ব্যবহারকারী দাবি করেছেন, তাঁর ধারণা, তাঁর নম্বর ‘ক্লোন’ করে কেউ এসব কাজ করছে।

ওই নম্বর ব্যবহার করা সিলেটের ফায়যুর রহমান বলেছেন, বিষয়টি তিনি গত শনিবার সিলেট মহানগর পুলিশের কমিশনারকে লিখিতভাবে জানিয়েছেন। তিনি এর আগেও এ রকম ঘটনার শিকার হয়ে দুই দফায় ছয় মাস কারাগারে ছিলেন। তিনি সাইবার অপরাধের শিকার।

যোগাযোগ করলে ফায়যুরের লিখিতভাবে জানানোর বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমতউল্লাহ বলেন, এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

নম্বর ক্লোন করা হলো নিজের প্রকৃত পরিচয় গোপন করে অন্যের নামে বা নম্বর দিয়ে বার্তা পাঠানো বা কল করা। ইন্টারনেটভিত্তিক বিশেষ কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করে এ রকম করা যায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদকে মুঠোফোনে গত বুধবার রাতে খুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। একই রাতে হুমকি দেওয়া হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হককেও। বৃহস্পতিবার সন্ধ্যায় একই ফোন নম্বর থেকে হুমকিসহ খুদে বার্তা পান লেখক ও প্রকাশক মঈনুল আহসান সাবের।

হুমকির ঘটনায় বৃহস্পতিবার রাতে রাজধানীর রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সময় আনু মুহাম্মদের মুঠোফোনে একই নম্বর থেকে আবারও একই হুমকি আসে। তাঁর করা জিডির তদন্ত করছে রামপুরা থানার পুলিশ। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, তদন্ত চলছে। প্রকৃত অপরাধী এখনো ধরা পড়েনি।

সিলেট মহানগর পুলিশের সূত্র বলেছে, ওই নম্বর ফায়যুরের। তাঁর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। বাস করেন সিলেট নগরের দরগা মহল্লায়।

ফায়যুরের দাবি, তাঁর জাতীয় পরিচয়পত্র না থাকায় এক বন্ধুর নামে নিবন্ধিত সিমকার্ড তিনি ব্যবহার করছেন। ১৪ অক্টোবর বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পারেন, অধ্যাপক আনু মুহাম্মদকে হুমকি দিয়ে পাঠানো খুদে বার্তায় তাঁর মুঠোফোন নম্বর ব্যবহৃত হয়েছে। পরদিন তিনি পুলিশকে বিষয়টি লিখিতভাবে জানান। তিনি বলেন, ২০১৩ সালে তাঁর মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ ছয়জন সাংসদকে হুমকি দেওয়া হয়। ২০১৪ সালের ৩০ জুন একইভাবে আইনমন্ত্রীকে হুমকি দেওয়া হয়। পরে সাইবার ট্রাইব্যুনাল আদালতে প্রমাণ হয়, তাঁর নম্বর থেকে কোনো খুদে বার্তা যায়নি। তাঁর নম্বর ‘ক্লোন’ করে আবদুল হক নামের একজন এসব বার্তা পাঠান। পরে ফায়যুর মামলা থেকে অব্যাহতি পান।