আনসার আল ইসলামের নামে রাজশাহীর আট বিশিষ্টজনকে হত্যার হুমকি দিয়ে পাঠানো চিঠি গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও এসেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে আবেদন জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত সোমবার আনসার আল ইসলামের (তারা নিজেদের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ শাখা বলে দাবি করে) প্যাডে একই ধরনের একটি চিঠি রাজশাহীর স্থানীয় দৈনিক সানশাইন পত্রিকার কার্যালয়ে পৌঁছায়। ওই চিঠিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন, কথাশিল্পী হাসান আজিজুল হক, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহারসহ আটজনকে হত্যার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে উপাচার্য মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আজ অফিসে চিঠিটি এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। অদৃশ্য অপরাধী চক্র কোথায় থেকে কীভাবে কী করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘চিঠিটি আজ (গতকাল) দুপুর ১২টার দিকে আমরা পেয়েছি।’
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।