হৃদরোগীকে মেয়াদোত্তীর্ণ রিং দিতে নিষেধাজ্ঞা
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও দেশের যেকোনো হাসপাতাল কর্তৃক হৃদরোগীর দেহে মেয়াদোত্তীর্ণ রিং প্রতিস্থাপনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
‘মেয়াদোত্তীর্ণ রিং পরিয়ে হৃদরোগ চিকিৎসার ভয়াবহ তথ্য’ শিরোনামে চ্যানেল ২৪ বিডি. টিভিতে প্রচারিত ও প্রকাশিত একটি প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত আজ দুপুরে এ আদেশ দেন। একই সঙ্গে আদালত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে এক মাসের মধ্যে এ ব্যাপারে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।
পরবর্তী আদেশের জন্য আগামী ১ মার্চ তারিখ ধার্য করেছেন আদালত। পাশাপাশি কেন মেয়াদোত্তীর্ণ রিং সরবরাহকারী প্রতিষ্ঠান, মেয়াদোত্তীর্ণ রিং গ্রহণ এবং রোগীদের দেহে অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে ওই প্রতিবেদনটি উপস্থাপন করেন জায়েদি হাসান খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।