হেডম্যানের ছেলেসহ পাঁচজন অপহরণ
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী থেকে গতকাল শনিবার দুর্বৃত্তরা একজন হেডম্যানের (মৌজাপ্রধান) ছেলেসহ পাঁচজনকে অপহরণ করেছে। স্থানীয় লোকজন এ কথা জানিয়েছেন।
তবে অপহরণস্থল লামায়, নাকি চকরিয়ায়—এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, লামার ফকিরাখোলা এলাকায় দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলের গতিরোধ করে ফাঁসিয়াখালী মৌজার হেডম্যান মংথুই প্রু মারমার ছেলে মংপ্রু মারমা (২৫) এবং তাঁর সঙ্গে থাকা মংথোয়াই এ মারমাকে (১৭) অপহরণ করে। একই স্থানে একটি ট্রাক থামিয়ে চকরিয়ার ট্রাকচালক জাহাঙ্গীর আলম, চালকের সহকারী রুবেল ও ট্রাকের মালিক নাসির উদ্দিনকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
ফাঁসিয়াখালী মৌজার হেডম্যান মংথুই প্রু মারমা বলেন, অপহরণকারীরা তাঁর ছেলেসহ দুজনের জন্য প্রথমে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এখন তারা ৬০ হাজার টাকা দাবি করছে। তিনি বলেন, অপহরণকারীরা ট্রাকমালিক, চালক ও চালকের সহকারীর জন্য পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে তিনি শুনেছেন।
ফাঁসিয়াখালীর বেশ কয়েকজন ব্যক্তি বলেন, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। কিন্তু লামা থানার পুলিশ এসে বলেছে, চকরিয়া উপজেলায় ঘটনাটি ঘটেছে। এর কিছুক্ষণ পর চকরিয়া থানার পুলিশ এসে বলে, ঘটনাস্থল লামা উপজেলায়। তাঁদের অভিযোগ, দুই থানার পুলিশ ঘটনাস্থল দেখে গেলেও অপহৃত ব্যক্তিদের উদ্ধারে পুলিশের কোনো তৎপরতা নেই।
অপহৃত ব্যক্তিদের উদ্ধারে কোনো তৎপরতা না থাকার অভিযোগ সত্য নয় দাবি করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল চকরিয়া উপজেলায় হলেও তাঁদের দুটি দল উদ্ধার অভিযানে গেছে।
চকরিয়া থানার ওসি প্রভাত চন্দ্র ধর বলেন, ঘটনাস্থল লামা থানা এলাকায় হলেও অপহরণকারীরা চকরিয়ায় এসেছে কি না, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন বলেন, গত কয়েক বছর ধরে স্থানীয় একটি চক্র অপহরণ-বাণিজ্য করে আসছে।