হেফাজত কর্মীর খোঁজ মিলল ১৯ মাস পর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের ১৯ মাস পর আল ফারুক (১৬) নামের এক মাদ্রাসাছাত্রের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের ভাষ্য, গত বুধবার রাতে নগরের চকবাজার মিসকিন শাহ মাজার থেকে তাকে উদ্ধার করা হয়।
ফারুক ২০১৩ সালের ৫ মে ঢাকায় শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল। এরপর ফারুক সংঘর্ষে মারা গেছে ধারণা করে তার পরিবার গায়েবানা জানাজা ও কুলখানিও সম্পন্ন করে।
কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর শিংগাড়া এলাকার সোলায়মান বিন মোবারকের ছেলে ফারুক ঢাকার বাড্ডার উম্মুল ক্বোরা নামে একটি মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার তাকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা প্রথম আলোকে বলেন, গত ১০ নভেম্বর ফারুক তার মাকে ফোন করে ‘কেমন আছেন’ জিজ্ঞেস করে লাইনটি কেটে দেয়। এরপর তার পরিবারের পক্ষ থেকে ১৯ নভেম্বর কুমিল্লার চান্দিনা থানায় একটি জিডি করা হয়। চান্দিনা থানার পুলিশ লিখিতভাবে বিষয়টি জানানোর পর চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ জানতে পারে ফারুক চট্টগ্রাম নগরের মিসকিন শাহ মাজার এলাকায় অবস্থান করছে। পরে পুলিশ সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
ফারুকের বরাত দিয়ে এসআই সন্তোষ চাকমা আরও বলেন, ফারুক হেফাজতের কর্মী হিসেবে শাপলা চত্বরের সমাবেশে যোগ দিয়েছিল। ঘটনার পরপরই চট্টগ্রামে চলে আসে। সে জানিয়েছে, পড়ালেখা তার ভালো লাগে না। তাই আত্মগোপন করে ছিল।
ফারুকের মামা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘ফারুক গত বছরের ৫ মে ঢাকায় হেফাজতের সমাবেশে যোগ দিয়েছিল। আমরা মনে করেছিলাম সে মারা গেছে। তাই কুলখানিও করেছি এ বছরের ৫ মে। তাকে খুঁজে পেয়েছি এটাই বড় কথা।’
ফারুকের নিখোঁজ হওয়া নিয়ে তার পরিবার শুরু থেকে পুলিশকে কিছু জানায়নি। হেফাজতের কোনো কর্তৃপক্ষও ফারুক নামে তাদের কর্মী বা সমর্থক নিখোঁজ হয়েছে এমন দাবি করেনি।
জানতে চাইলে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী প্রথম আলোকে বলেন, ৫ মে হেফাজতের সমাবেশে মাদ্রাসাছাত্রসহ হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। এদের মধ্যে অনেকেই নিখোঁজ হয়েছে। পুলিশ সন্ধান পাওয়া মাদ্রাসার ছাত্র ফারুক তো নিখোঁজ ছিল না। পড়ালেখা করতে চায় না বলে পালিয়ে ছিল।’
শাপলা চত্বরের সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে অনেক নেতা-কর্মী নিহত ও গুম হয়েছেন বলে দাবি করে আসছে হেফাজতে ইসলাম।