হেফাজতকে নিষিদ্ধ করার দাবি নাসির উদ্দীন ইউসুফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গ্রাম থিয়েটার ফেডারেশনের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। তিনি বলেন, হেফাজতে ইসলাম ধর্মের নামে বিষবাষ্প ছড়াচ্ছে। তাই হেফাজতকে নিষিদ্ধ করা দরকার।

একমুখী শিক্ষাব্যবস্থা চালু, সাম্প্রদায়িকতামুক্ত পাঠ্যপুস্তক প্রণয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষায় পাঠদান ও কোচিং নিষিদ্ধের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ভোর হলো শিশু সংগঠন।

মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক কর্মী ছাড়াও বেশ কিছু শিশু অংশ নেয়। মানববন্ধন থেকে অবিলম্বে সাম্প্রদায়িকতামুক্ত পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি করে বলা হয়, অবিলম্বে তা না করলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাছান আরিফ, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা প্রমুখ। অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান।