হেরোইনসহ আটক দুই নেতাকে ছেড়ে দিল পুলিশ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ২১ পুরিয়া হেরোইনসহ ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগের চার নেতাকে হাতেনাতে আটক করার পর দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। অবশ্য পুলিশের দাবি, আটক চারজনের মধ্যে দুজনের কাছে হেরোইন না থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। গত শনিবার রাত ১১টার দিকে ওই চারজনকে আটক করে পুলিশ।
হেরোইনসহ আটক চার নেতা হলেন উপজেলা কৃষক লীগের সভাপতি শাজাহান আলী, উপজেলা যুবলীগের সদস্য আবু তাহের এবং উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সুলতান মাহমুদ ও রফিকুল ইসলাম। এর মধ্যে সুলতান মাহমুদ ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে বাকি দুজনকে ছেড়ে দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, নন্দীগ্রাম পৌর শহরের পাইলট উচ্চবিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ভেতর থেকে শনিবার রাত ১১টার দিকে ওই চার নেতাকে হেরোইন সেবনরত অবস্থায় আটক করে পুলিশ। থানায় নেওয়ার পরপরই ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা-কর্মীরা সেখানে ছুটে আসেন। শুরু হয় দেনদরবার। শেষে মধ্যরাতে শাজাহান আলী ও আবু তাহেরকে ছেড়ে দেওয়া হয়। ছাত্রলীগের সাবেক দুই নেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়। অভিযোগ উঠেছে, হেরোইনসহ আটকের পরও শুধু ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় শাজাহান ও তাহেরকে ছেড়ে দেওয়া হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়েজুর রহমান বলেন, শনিবার রাত ১১টার দিকে থানার পুলিশের টহলরত একটি দল ২১ পুরিয়া হেরোইনসহ যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের চার নেতাকে আটক করে থানায় নিয়ে আসে। তবে চাপের মুখে দুজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন ওসি আবু হায়দার। তিনি দাবি করেন, যে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তাঁদের কাছেই হেরোইন মিলেছে। অন্য দুজনের কাছে হেরোইন না পাওয়ায় থানায় আনার পর জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে কৃষক লীগ ও যুবলীগের দুই নেতার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও দুজনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, হেরোইনসহ দুজনকে আটকের কথা জানিয়েছিলেন ওসি। মাদকের ঘটনায় আটক কাউকে থানা থেকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।