হেরোইনসহ দুজন গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন উপজেলার গড়েরমাঠ এলাকার শীষ মোহাম্মদ (৩২) ও মাদারপুর এলাকার জাহাঙ্গীর আলম ওরফে জানা (৩৭)। তাঁদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।
গত বুধবার রাতে উপজেলার সাহাব্দীপুর পাঁচগাছি এলাকায় জাহাঙ্গীরের মালিকানাধীন ‘জানা ইন্টারন্যাশনাল’ নামের একটি ইটভাটা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গোদাগাড়ী থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জাহাঙ্গীরের ইটভাটায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম হেরোইনসহ ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত শীষ মোহাম্মদের নিবন্ধনবিহীন সাদা রঙের একটি প্রাইভেট কারও জব্দ করে পুলিশ। অন্যদিকে উত্তরা প্রতিদিন নামের একটি আঞ্চলিক পত্রিকার গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীর আলমের পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, পুলিশের তালিকা অনুযায়ী শীষ মোহাম্মদ গোদাগাড়ীর প্রথম এবং জাহাঙ্গীর আলম দ্বিতীয় বড় হেরোইন ব্যবসায়ী। তাঁদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।