হেরোইন উদ্ধার, তরুণ লীগ নেতাসহ দুজন গ্রেপ্তার
বরগুনায় জেলা তরুণ লীগের এক নেতাসহ দুজনের কাছ থেকে ১০ গ্রাম (৯০ পুরিয়া) হেরোইন উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের কলেজ রোডের সেন্ট্রাল ক্লিনিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন জেলা তরুণ লীগের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ তালুকদার এবং মাদক ব্যবসায়ী দীপু ওরফে পটো রায়। অভিজিৎ শহরের চিহ্নিত সন্ত্রাসী ও পটো রায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁরা দুজনই একাধিকবার পুলিশ ও র্যা বের হাতে মাদক বিক্রি ও অন্যান্য অপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।
বরগুনা থানার পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ শহরের কলেজ সড়কের সেন্ট্রাল ক্লিনিকের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে অভিজিৎ তালুকদার ও দীপু রায়কে আটক করা হয়। তাঁদের শরীর তল্লাশি চালিয়ে অভিজিৎ তালুকদার ও দীপু রায়ের কাছ থেকে ৪৫ পুরিয়া (৫ গ্রাম) করে হেরোইন উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য এক লাখ টাকা। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।
বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন বলেন, অভিজিতের বিরুদ্ধে থানায় ছিনতাই, ডাকাতি, অপহরণ, মারধরসহ ১৪টি এবং পটো রায়ের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।