হেরোইন ও ইয়াবা রাখায় দম্পতির যাবজ্জীবন, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বগুড়ায় ৩২০ গ্রাম হিরোইন রাখার ঘটনায় করা মামলায় গতকাল সোমবার স্বামী-স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৮ পিস ইয়াবা রাখার দায়ে স্ত্রীকে পৃথক ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
এদিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নয়েজ মাহমুদ ও তাঁর সহযোগী হাবিবুর রহমানকে ইয়াবা, গাঁজাসহ আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যা ব-৫) সদস্যরা। গত রোববার রাতে আটকের পর গতকাল আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
দণ্ডিত আসামি হলেন বগুড়া শহরের চকসূত্রাপুর কসাইপাড়ার মেহেদুল ইসলাম (৩০) এবং তাঁর স্ত্রী শাফি বেগম (২৪)। গতকাল বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক হাফিজুর রহমান এই দণ্ড দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৪ আগস্ট বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মাদকবিরোধী অভিযানকালে দণ্ডিত মেহেদুল ইসলামের চকসূত্রাপুরের বাসা থেকে ৩২০ গ্রাম হিরোইন এবং তাঁর স্ত্রী শাফি বেগমের কাছ থেকে ২৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এদিকে বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, র্যা ব নাটোর ক্যাম্পের সদস্যরা গত রোববার রাতে উপজেলার চকগোয়াশ এলাকার একটি আমবাগান থেকে চেয়ারম্যান নয়েজ মাহমুদ ও তাঁর সহযোগীকে আটক করে। পরে তাঁদের কাছ থেকে ১৭টি ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজা জব্দ করে তাঁদের থানায় হাজির করা হয়। এ ব্যাপারে র্যা ব বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে। গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।