হেরোইন রাখার দায়ে তরুণের যাবজ্জীবন
হেরোইন রাখার অপরাধে ফারুক হোসেন ওরফে ওমর ফারুক নামের (২৫) এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার নাটোরের দায়রা জজ তাঁকে এই দণ্ডাদেশ দেন।
দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৭ নভেম্বর বিকেলে নাটোর শহরের মেহেদীতলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ৫০ গ্রাম হেরোইনসহ রাজশাহী শহরের কাদিরগঞ্জ এলাকার মুনছুর আলীর ছেলে ফারুক হোসেন ওরফে ওমর ফারুককে আটক করে। ওই দিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণে ফারুক দোষী সাব্যস্ত হওয়ায় দায়রা জজ মোসা. লুৎফা বেগম তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত তরুণকে কারাগারে পাঠানো হয়েছে।