হেরোইনসহ যুবলীগ নেতা ও চার সহযোগী গ্রেপ্তার
কুষ্টিয়া সদর উপজেলায় হেরোইন, গাঁজাসহ যুবলীগর এক নেতা এবং তাঁর চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ওই যুবলীগ নেতার নাম জিল্লুর রহমান। তিনি সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। গ্রেপ্তার বাকিরা হলেন সাদ্দাম হোসেন, লিটন মিয়া, নাজমুল ইসলাম ও আবদুল বারী।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় জিল্লুরের ব্যক্তিগত কার্যালয়ে কয়েকজন হেরোইন ও গাঁজা নিয়ে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালানো হয়। ওই কার্যালয় থেকে ৪ গ্রাম হেরোইন ও কিছু গাঁজা এবং গাঁজা খাওয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় জিল্লুরসহ পাঁচজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি লাইন কেটে দেন। এদিকে জিল্লুরকে গ্রেপ্তারের পর রাতেই তাঁর সমর্থকেরা থানায় যায়। জিল্লুরকে ছেড়ে দিতে পুলিশকে তারা চাপ দিতে থাকে। তবে আজ শুক্রবার দুপুরে পুলিশি প্রহরায় জিল্লুর ও তাঁর সহযোগীদের কুষ্টিয়া আদালতে নেওয়া হয়।
বিকেল চারটার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় জিল্লুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে।