হেরোইনসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর সাব্বির হোসেনকে (২৮) পাঁচ গ্রাম ওজনের আট পুরিয়া হেরোইনসহ গত শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় হাতীবান্ধার দোয়ানী পুলিশ ফাঁড়ির এসআই সেলিম রেজা বাদী হয়ে সাব্বিরের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
পুলিশ জানায়, নীলফামারীর জলঢাকা থেকে শনিবার বিকেলে ফিরছিলেন সাব্বির। এ সময় তিস্তা ব্যারাজ এলাকায় দোয়ানী পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সাব্বিরকে ওই হেরোইনসহ গ্রেপ্তার করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, সাব্বিরের কাছ থেকে হেরোইন উদ্ধার করায় তাঁর বিরুদ্ধে যথাযথ নিয়মে মামলা হয়েছে। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে, তদন্তের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০১৩ সালের ২৪ মার্চ তিস্তা ব্যারাজ নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।