হেলমেট না থাকায় ৩০ চালক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোয় ৩০ চালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী অভিযানে উপজেলার বিভিন্ন সড়ক থেকে মোটরসাইকেলসহ তাঁদের আটক করা হয়। পরে স্বজনেরা হেলমেট নিয়ে আসার পর তাঁদের সেটি ব্যবহারের শপথ করিয়ে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, গত দুই মাসে ফেনী-সোনাগাজী সড়কে দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন মোটরসাইকেল আরোহী। দুর্ঘটনায় হতাহতের ঝুঁকি কমানোর উদ্দেশ্যে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোনাগাজী-ফেনী সড়কসহ উপজেলার বিভিন্ন রাস্তায় অভিযান চালানো হয়। হেলমেটবিহীন ৫০ জন মোটরসাইকেলচালককে ধরা হয়। এর মধ্যে ২০ জন সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করায় তাঁদের আটক না করে শুধু মোটরসাইকেলগুলো জব্দ করে থানায় নেওয়া হয়। পরে তাঁরা থানায় গিয়ে হেলমেট দেখিয়ে মোটরসাইকেল ফেরত পান। আর বাকি ৩০ জন পুলিশের সঙ্গে তর্কে জড়ানোয় তাঁদের আটক করে মোটরসাইকেলসহ থানায় নেওয়া হয়। তাঁদের স্বজনেরা হেলমেট নিয়ে আসার পর তাঁদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, আটক চালকদেরকে হেলমেট ব্যবহারের শপথ করানো হয়েছে। সচেতনতা তৈরির জন্য এ অভিযান অব্যাহত থাকবে।