হেলমেট পরে হামলা, ৫ আসামি ছিনতাই: পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের ওপর হামলা চালিয়ে পাঁচ আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলাকারীরা হেলমেট মাথায় গুলিরোধক জ্যাকেট সুরক্ষিত হয়ে হামলা চালায় বলে পুলিশের ভাষ্য। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শাহজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীর তথ্যমতে, এ সময় পুলিশের ছোড়া গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাদু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশের ভাষ্য, সরাইল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, (এসআই) মশিউর রহমান ও সহকারী উপপরিদর্শক শাহজাহান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শাহজাদাপুর গ্রামে একটি মামলার আসামিদের গ্রেপ্তার অভিযানে যান। সেখান থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার ভাই আইয়ুব আলী খাঁ (৫০), সমর আলী খাঁ (৪৮) ও নায়েব আলী খাঁ (৩৫) ও গোলাপ খাঁ এবং আইয়ুব আলীর ছেলে জাবেদ খাঁকে (১৯) গ্রেপ্তার করেন। তাদের থানায় নিয়ে আসার সময় আসামি পক্ষের লোকজন হেলমেট ও গুলি প্রতিরোধক জ্যাকেট পরে পুলিশের ওপর হামলা চালিয়ে পাঁচজনকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হন। তাঁরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
হামলার সময় পুলিশ লাঠিপেটা করে ও ১৮টি গুলি ছুড়ে আত্মরক্ষা করে। পুলিশের ধারণা, কয়েকজনের গায়ে গুলি লেগে থাকতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আহত সাদু মিয়াকে গ্রেপ্তার করেছে। থানা হাজতে আটক সাদু মিয়া সংবাদকর্মীদের বলেন, ‘আমি ঘটনার কিছুই জানি না।’
তবে গ্রামের কয়েকজনের ভাষ্য, পুলিশের গুলিতে বিদ্ধ হয়েছেন সাহেব আলী (১৮), হেলাল মিয়া (১৯), আবু শাহ (৫০), জাদু মিয়া (৩৫) ও শাহজাহান (৪৫ এলাকা ছেড়ে মাধবপুর ও হবিগঞ্জে চিকিৎসা নিতে গেছেন। পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন অন্তত ১৩ জন।
পুলিশের তথ্যমতে, আইয়ুব আলীর এক ছেলে রেজোয়ান খানের স্ত্রী মারুফা আক্তার শ্বশুর, শাশুড়ি, স্বামী ও দেবরদের নামে নারী নির্যাতন দমন আইনে ২০১৩ সালের ৩ নভেম্বর এ মামলা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ প্রথম আলোকে বলেন, ওই গ্রামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন শতাধিক আসামি রয়েছে। গত বৃহস্পতিবার রাতে কয়েকজনকে গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।