হোটেল ও সেমাই কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ঢাকার ধামরাইয়ে একটি সেমাই ও চানাচুর তৈরির কারখানা এবং আশুলিয়ার নবীনগরে দুটি হোটেলকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার ওই অভিযান চালান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৪ সূত্র জানায়, র্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল সকালে ধামরাই পৌর এলাকার থানাস্ট্যান্ডে গুড ফুড প্রোডাক্ট নামের একটি চানাচুর ও সেমাই তৈরির কারখানায় অভিযান চালান। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী হাকিম মো. ফিরোজ আহমেদ। এ সময় আদালত আট মণ লাচ্ছা সেমাই, ১৫০ কেজি নোংরা ডালডা ও তেল এবং ১৫০ কেজি চানাচুরসহ বিভিন্ন ধরনের সামগ্রী জব্দ করে তা ধ্বংস করার নির্দেশ দেন। পরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও চানাচুর তৈরি এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানের মালিক শামসুল আলমকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া কারখানাটি সিলগালা করে দেন আদালত। পরে জরিমানার টাকা দিয়ে ছাড়া পান শামসুল।
ওই আদালত দুপুরে নবীনগর এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে বাংলা ফুড নামের একটি হোটেলের মালিককে এক লাখ ও গ্রীন ওয়ে নামের অন্য একটি হোটেলের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন।