হোটেল থেকে উদ্ধার করা লাশটি সাবেক ভূমিসচিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে। পুলিশ বলছে, নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তিনি ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব।

গত ২৯ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজার শহরের কলাতলী এলাকার ‘হোটেল সি-হেভেন’-এর ১০১ নম্বর কক্ষ থেকে পুলিশ এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরিচয় শনাক্ত না হওয়ায় ওই দিন রাতে শহরের গোলদিঘি পাড়ে পৌরসভা কবরস্থানে লাশ দাফন করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, হোটেলকক্ষে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছিল। হোটেলে ওঠার ২৭ দিনের মাথায় দেলোয়ার হোসেন আত্মহত্যা করেন।

ওসি বলেন, কক্সবাজারে লাশ লাখার হিমঘর না থাকায় রেওয়ারিশ হিসেবে দেলোয়ার হোসেনের দাফন করা হয়। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত ভূমিসচিবের স্বজনেরা চাইলে লাশ কবর থেকে উত্তোলন করা হবে।

হোটেল কর্তৃপক্ষ বলছে, ১০১ নম্বর কক্ষটি দেলোয়ার হোসেন দুই মাসের জন্য ভাড়া নিয়েছিলেন। পারিবারিক সমস্যার কথা বলে
তিনি তখন নাম-ঠিকানা দেননি। দিনের বেশির ভাগ সময় তিনি হোটেলকক্ষে কাটাতেন। কখনো সৈকতে বসে থাকতেন। তিনি মুঠোফোন ব্যবহার করতেন না। প্রয়োজন হলে হোটেলের এক কর্মচারীর মুঠোফোন দিয়ে বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলতেন। পুলিশ ওই মুঠোফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, সাবেক ভূমিসচিব দেলোয়ার হোসেন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। পরিবারের লোকজন কক্সবাজারে এলে বিস্তারিত জানা যাবে।