হোটেল থেকে উদ্ধার নারীর লাশের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন মোড়ের কাছে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া এক নারীর লাশের পরিচয় মিলেছে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর মেয়ে মার্জিনা আক্তার ওরফে সাথী। গতকাল শনিবার সকালে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন।
পুলিশ ও মর্গ সূত্র জানায়, মর্জিনার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার পুলিশ পুরানা পল্টন মোড়ের পশ্চিম পাশে উত্তরবঙ্গ নামের একটি আবাসিক হোটেলের ছয়তলার ৬০৫ নম্বর কক্ষ থেকে মর্জিনার লাশ উদ্ধার করে। হোটেলের নিবন্ধন খাতায় ওই নারীর নাম লেখা ছিল তাহমিনা আক্তার ওরফে সাথী। এ ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান জানান, ২৪ আগস্ট এক ব্যক্তিকে স্বামী পরিচয় দিয়ে মর্জিনা হোটেলে ওঠেন। দুই দিন পর স্বামী পরিচয়দানকারী ব্যক্তি পালিয়ে যান। নিবন্ধন খাতায় ওই ব্যক্তির কোনো নাম ছিল না। মঙ্গলবার হোটেলের কর্মীরা মর্জিনার লাশ পড়ে থাকতে দেখে শাহবাগ থানায় ফোন করে জানান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশ শনাক্ত করতে আসা মর্জিনার ভাই আবদুল মালেক জানান, হোটেলে পাওয়া মর্জিনার মুঠোফোন থেকে তাঁর (মালেক) সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
মালেক জানান, মর্জিনার দুটি বিয়ে হয়েছিল, তা-ও ভেঙে গেছে। এরপর মর্জিনা তার সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভাড়া বাসায় থাকত। ২৪ আগস্ট মর্জিনা মায়ের কাছে বলে যে সে তার সর্বশেষ স্বামী আশিকুল ইসলামের সঙ্গে রূপগঞ্জের হাটপাড়ায় দেখা করতে যাচ্ছে। মালেক বলেন, তাঁরা মনে করেছিলেন, মর্জিনা আশিকুলের সঙ্গেই রয়েছে।