হোটেলকক্ষে একজনকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেলের কক্ষে আবদুল হামিদ (৪৪) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল মতিঝিল নামের আবাসিক হোটেলে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। তিনি ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন।
হামিদ কোন কক্ষে গুলিবিদ্ধ হয়েছেন তা নিয়ে দুই রকম বক্তব্য পাওয়া গেছে। তাঁর পেশা নিয়েও দুই রকম তথ্য মিলেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে হোটেল মতিঝিলের দ্বিতীয় তলার একটি কক্ষে দুই দুর্বৃত্ত ঢুকে হামিদকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। তাঁর শরীরে একাধিক গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে তোফায়েল আহমেদ নামের এক ব্যক্তি রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক হামিদকে মৃত ঘোষণা করেন। পরে মতিঝিল থানার পুলিশ তোফায়েলকে আটক করে থানায় নিয়ে যায়।
হাসপাতালে তোফায়েল প্রথম আলোকে বলেন, হামিদের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। তাঁদের দুজনের বাড়ি পাশাপাশি। সেই হিসেবে তিনি হামিদকে চেনেন। গতকাল সন্ধ্যায় তিনি হোটেল মতিঝিলে হামিদের ভাড়া করা কক্ষে যান। তিনি সেখানে যাওয়ার পর অস্ত্রধারী দুই দুর্বৃত্ত ওই কক্ষে ঢোকে। তিনি ওই দুজনের পরিচয় জানতে চাইলে তারা কিছু না বলে হামিদকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। তিনি জানান, হামিদ একটি শিপিং প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আনোয়ার হোসেন বলেন, গত ২৬ ডিসেম্বর হামিদ হোটেল মতিঝিলের ২০১ নম্বর কক্ষে ওঠেন। কিন্তু তিনি গুলিবিদ্ধ হন একই তলার ২০৩ নম্বর কক্ষে। ছয় মাস ধরে তোফায়েল ২০৩ নম্বর কক্ষে থাকছেন। হোটেলকক্ষে পাওয়া হামিদের পাসপোর্টে দেখা যায়, তিনি জনশক্তি রপ্তানির ব্যবসার সঙ্গে জড়িত। হত্যার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামিদের প্রতিবেশী দাবিদার তোফায়েলকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অপরাধ শনাক্তকরণ দল হোটেলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।