হোমনায় অ্যাসিডে ঝলসে দেওয়া হলো স্বামী-স্ত্রীকে
কুমিল্লার হোমনায় অ্যাসিড ছুড়ে মেরে স্বামী-স্ত্রীর শরীর ঝলসে দিয়েছে একদল দুর্বৃত্ত। উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ভিটি ভাষানিয়া গ্রামে গত সোমবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে। প্রায় দশ বছর আগে একই গ্রামের মা-মেয়েসহ তিনজন অ্যাসিডদগ্ধ হন।
অ্যাসিডদগ্ধরা হলেন হোমনা উপজেলার ভিটি ভাষানিয়া গ্রামের পরিমল চক্রবর্ত্তী (৪০) ও তাঁর স্ত্রী কৃষ্ণা চক্রবর্ত্তী (৩৫)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
হোমনা থানা সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে পরিমল ও তাঁর স্ত্রী কৃষ্ণা তাঁদের দোচালা ঘরের একটি কক্ষের খাটে ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে জানালা দিয়ে তাঁদের লক্ষ্য করে দুর্বৃত্তরা অ্যাসিড ছুড়ে চলে যায়। এতে তাঁদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এ সময় তাঁদের চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরা তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতেই সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হোমনা থানা সূত্রে আরও জানা গেছে, পরিমল একজন স্বর্ণ ব্যবসায়ী। তাঁর এক মেয়ে কলেজে এবং অপর দুই মেয়ে স্কুলে পড়াশোনা করে। তাঁর বড় মেয়ে মামার বাড়ি থাকে এবং ছোট দুই মেয়ে তাঁদের সঙ্গে থাকে। ঘটনার দিন ছোট দুই মেয়ে অপর একটি কক্ষে ঘুমিয়ে ছিল। অ্যাসিডে ঘরের তোশক-বালিশ পুড়ে যায়।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, অ্যাসিডে পরিমলের বুক, পিঠ, হাত-পাসহ নিচের শতকরা ৫০ থেকে ৬০ ভাগ এবং কৃষ্ণা চক্রবর্ত্তীর পিঠের শতকরা ২০ ভাগ পুড়ে গেছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বলেন, ঘটনাস্থল থেকে দুটি প্লাস্টিকের কৌটা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এই কৌটা দুটি দিয়ে অ্যাসিড এনে ছুড়ে মারে। অ্যাসিডদগ্ধদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
হোমনা থানা সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ৫ জুন রাত দুইটার দিকে একই গ্রামে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে গৃহবধূ আছমা (২৫), তাঁর মেয়ে তানজিয়া (৭) এবং তাঁর বোনের মেয়ে স্বপ্না (১৭) দগ্ধ হন।