হোমনায় পুলিশের গুলিতে নিহত ১
কুমিল্লার হোমনা উপজেলায় পুলিশের গুলিতে ডালিম সরকার (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে পরিবার। গতকাল শনিবার বেলা তিনটার দিকে উপজেলার শ্রীমদ্দি গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
ডালিম সরকার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কদমীরচর ইউনিয়নের খালিয়ারচর গ্রামের নাজিম সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শ্রীমদ্দিসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ও হাতবোমা নিক্ষেপ করে ১০-১২ জন ব্যক্তি। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে মো. রবিউল ও বাদশা মিয়ার ছেলে মো. জুয়েলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশের ওই অভিযানে ডালিম নিহত হন বলে দাবি করেছেন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।