হোমনায় ব্যাংক কর্মকর্তা হত্যা মামলায় গ্রেপ্তার ৩
কুমিল্লার মুরাদনগর উপজেলার গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সামিউল বাছির হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার হোমনা উপজেলার বাগ সিতারামপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে এক আসামি গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন বাগ সিতারামপুর গ্রামের ছোবহান মিয়ার ছেলে নৌকার মাঝি মো. আবদুল্লাহ (২৮), সুরুজ প্রধানের ছেলে মো. নাজিম উদ্দিন (২৮) ও মোহাম্মদ হোসেনের ছেলে মো. সেলিম (২৮)। এঁদের মধ্যে মো. আবদুল্লাহ গতকাল সকালে কুমিল্লা জেলা বিচারিক হাকিম মুনতাছির মামুনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল ফয়সাল জানান, আবদুল্লাহ তাঁর জবানবন্দিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জবানবন্দিতে বলেছেন, সামিউল বাছির হত্যাকাণ্ডে তাঁর (আবদুল্লাহ) নৌকাটি ব্যবহার করা হয় এবং হত্যাকাণ্ডে পাঁচজন জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি কিছু জানেন না। তবে টাকাপয়সা ছিনিয়ে নিতে এ ঘটনা ঘটে থাকতে পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ শাখা গ্রামীণ ব্যাংকের কেন্দ্র (বাগ সিতারামপুর, কৃপারামপুর ও পাঁচকিত্তা গ্রামের কেন্দ্র ব্যবস্থাপক) ব্যবস্থাপক সামিউল বাছির গত ২০ সেপ্টেম্বর কিস্তির টাকা তুলতে গিয়ে নিখোঁজ হন। এর তিন দিন পর হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের বাগ সিতারামপুর-সংলগ্ন তিতাস নদের পাশের ধনচেখেত থেকে সামিউলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই তাঁর বড় ভাই মো. তুষার বাদী হয়ে হোমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
হোমনা থানার ওসি আবুল ফয়সাল বলেন, সামিউল বাছির হত্যাকাণ্ডের ঘটনাটি দিনের বেলায় হয়েছিল। সে কারণে নৌকার মাঝিকে সন্দেহ করত এলাকার লোকজন। এ কারণে প্রথমে নৌকার মাঝি আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অপর দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের গতকাল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।