হোমনায় যুবলীগ নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় যুবলীগের এক নেতার বিরুদ্ধে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের’ এক লাখ ৩৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। টাকা ফেরত চাইতে গিয়ে ওই নেতার হাতে প্রকল্পের সমন্বয়কারী লাঞ্ছিতও হয়েছেন।
হোমনা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩০ জুলাই উপজেলার দাড়িগাঁও গ্রাম উন্নয়ন সমিতিকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের তিন লাখ টাকা দেয় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। ওই টাকার মধ্য থেকে সমিতির ১৪ সদস্যের প্রত্যেককে ২০ হাজার ও দুই সদস্যকে ১০ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়। ঋণের টাকা সুদসহ ২০১৩ সালের ৩০ জুলাই সমিতিতে ফেরত দেওয়ার কথা। সে অনুযায়ী ১০ জন সদস্য ঋণের টাকা সমিতিতে ফেরত দেন। কিন্তু সমিতি ও মাথাভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল মান্নান তাঁরসহ ছয়জনের টাকা বিআরডিবিতে ফেরত দেননি। গত ১০ আগস্ট ওই টাকা আত্মসাতের বিষয়টি হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটি চিঠি দিয়ে জানান উপজেলা বিআরডিবির একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী টিটু চন্দ্র দেবনাথ।
গত ২২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে একদল পুলিশ নিয়ে প্রকল্পের সমন্বয়কারী টিটু চন্দ্র দেবনাথ দাড়িগাঁও গ্রামে সমিতির সভাপতি আবদুল মান্নানের বাড়িতে হাজির হন। এ সময় মান্নানের কাছে এক লাখ ৩৮ হাজার টাকা ফেরত চাইলে পুলিশের উপস্থিতিতে টিটু চন্দ্র দেবনাথকে তিনি লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। আবদুল মান্নান দাবি করেন, ‘আমি টিটু ভাইকে মারধর করিনি। বিআরডিবি আমার কাছে এক লাখ ৩৮ হাজার টাকা পাবে। আমি একটু বেকায়দায় ছিলাম, টাকা সময়মতো দিতে পারিনি। তিনি আরও বলেন, ‘আমি টাকা আত্মসাৎ করিনি। কারণ আমি তো নিয়মিত লাভ দিচ্ছি।’
সমন্বয়কারী টিটু চন্দ্র দেবনাথ অভিযোগ করেন, ‘প্রকল্পের ঋণের টাকা সমিতির সভাপতির কাছে সদস্যরা জমা দেবেন। সেই টাকা সভাপতি যথাসময় বিআরডিবিতে জমা দেবেন। আমরা জেনেছি দাড়িগাঁও গ্রাম উন্নয়ন সমিতির সদস্যরা সভাপতির কাছে টাকা জমা দিয়েছেন। কিন্তু সভাপতি এক বছর পরও বিআরডিবিতে টাকা জমা দেননি। এ ছাড়া তিনি ওই টাকার ওপর কোনো লাভও দিচ্ছেন না।’
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রসুল বলেন, ‘প্রকল্পের টাকা ফেরত আনতে গিয়ে সমন্বয়কারীর লাঞ্ছিত হওয়ার বিষয়টি ইউএনও স্যারকে লিখিতভাবে জানানো হয়েছে।’ইউএনও আহমেদ জামিল বলেন, আবদুল মান্নান একটি বাড়ি একটি খামার প্রকল্পের টাকা এখনো ফেরত দেননি। টাকা উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।