হোমিও চিকিৎসক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার ২
ঝিনাইদহে হোমিও চিকিৎসক ছামির আলী ওরফে খাজা (৮২) হত্যায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিলন মিয়া (২৭) ও শফিকুল ইসলাম ওরফে কাজল (২৩)। গত রোববার রাতে গ্রেপ্তার এ দুজনকে গতকাল সোমবার সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ছামির আলী হত্যাকাণ্ডের দায় ইতিমধ্যে স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। উগ্রপন্থী সংগঠনগুলোর অনলাইন তৎপরতা নজরদারি সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটের বরাত দিয়ে রয়টার্স গত শুক্রবার এ খবর জানায়। খবরে বলা হয়, ইসলাম থেকে খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত হওয়ার কারণে ছামির আলী নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তবে তাঁর পরিবার বলেছে, এ বিষয়ে তারা কিছু জানে না।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, রোববার রাতে মিলন ও কাজল নামের দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। থানাহাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। আশা করছেন গ্রেপ্তারকৃত যুবকদের মাধ্যমে হত্যার রহস্য উন্মোচিত হবে।
ওসি হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এই ঘটনা তদন্তে কয়েকটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। উল্লেখযোগ্য দুটি হলো—জঙ্গি কোনো গোষ্ঠী এই হত্যাকাণ্ডে আদৌ জড়িত কি না এবং পারিবারিক দ্বন্দ্ব ও কোনো পূর্বশত্রুতা আছে কি না।’
ছামির আলীর ছেলে মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সে ব্যাপারে আমরা কোনো ধারণা করতে পারছি না।’
ছামির আলী মণ্ডলকে গত বৃহস্পতিবার ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই দিন বিকেলে সদর উপজেলার বেলেখাল বাজারে তাঁর নিজ হোমিও চিকিৎসালয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় কালুহাটি গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইএস এই হত্যার দায় স্বীকার করার পর আতঙ্ক আরও বেড়ে গেছে।